এইডিস মশার উৎস জানাতে মেয়র তাপসের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযান চলছে জানিয়ে অনলাইনেও এইডিস মশার উৎস এবং রোগীর তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর এবং ওয়েবসাইটে পাওয়া তথ্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে জানিয়ে শুক্রবার এক ভিডিও বার্তায় ঢাকাবাসীর প্রতি তিনি এই আহ্বান জানান।
মেয়র তাপস বলেন, “যে কোনো ব্যক্তি, ঢাকাবাসী যে কোনো এলাকা থেকে অনলাইনে, আমাদের ওয়েবসাইটে সুযোগ রয়েছে, আমাদেরকে তথ্য দিতে পারেন।
“কোথায় এইডিস লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে? এ বিষয়গুলো পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
ডেঙ্গু রোগীর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশক কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। এইডিস লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক বিবৃতিতে তথ্য দেওয়ার জন্য ওয়েব লিংক (https://forms.gle/gPamcWqJNFtDZvir6) প্রকাশ করেছেন। সেখানে এইডিস মশার উৎস বা লার্ভা ও এইডিস রোগীর তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আবু নাছের জানান, অনলাইনে পাওয়া আবেদনের ভিত্তিতে যে কোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এইডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এছাড়াও নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করেও মশার উৎস সম্পর্কে তথ্য দেওয়া যাবে বলে জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে এইডিস মশার নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে গত সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ চালু করার কথা জানান মেয়র ফজলে নূর তাপস।
বর্ষা মৌসুম শুরুর পর থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোভিড-১৯ মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি পদক্ষেপ হিসেবে সব হাসপাতালে নির্দেশনা পাঠানো হচ্ছে।
