মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন
মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার।
সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, এ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
কমিশনের অন্য সদস্যরা হলেন- শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনছার আলী খান, কাজী সাজ্জাত আলী জহির বীর প্রতীক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এফ এম ইয়াহিয়া চৌধুরী।
নির্বাচন কমিশন গঠন করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/ মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।”
মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন হয় ২০১৪ সালের ৪ জুন, তাতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হন হেলাল মোর্শেদ খান।
২০১৭ সালের জুনে ওই কমিটির মেয়াদ শেষে জেলা কমান্ডগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে দেন।
কিন্তু এরপর নির্বাচন না দিয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দায়িত্ব পালনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রশাসক, জেলা কমান্ডের দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক এবং উপজেলা কমান্ডের দায়িত্ব পালনের জন্য উপজেলার নির্বাহী অফিসারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।
