‘মহামারীতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান’
করোনাভাইরাস মহামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
শনিবার রাজধানী ঢাকার কদমতলী থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর নেতারা বক্তব্য দেন।
সভায় দলীয় নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে এসএম কামাল বলেন, "আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন মাস্ক পরিধান করার। এই কাজগুলো আমাদের করতে হবে।
“কারণ ওরা (বিএনপি) করবে না। ওরা মানুষের লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। ওরা মানুষের উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। ওরা ভুয়া ছবি ছাপিয়ে বিদেশে পাচার করে।"
দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মানুষকে বাঁচানোর জন্য নেত্রী যা নির্দেশ দিয়েছেন, সেই কাজগুলো আমাদের করতে হবে।“
