দুদকের মামলায় কারাগারে পাসপোর্ট কর্মকর্তা ও তার স্ত্রী
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
এই দম্পতি রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি নিয়ে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন।
গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
মামলায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয় তাদের দম্পতির বিরুদ্ধে।
