২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা ও ফেরিতে অগ্রাধিকার চেয়ে চিঠি

কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপত্তা এবং ফেরি পারাপারে এসব যানবাহনের অগ্রাধিকার চেয়ে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 07:40 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বিপণনে বিকল্প বাজার ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ চক্রবর্ত্তীর স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি, হয়রানি এবং বিভিন্ন ইজারাদার কর্তৃক জোরপূর্বক পশু নামিয়ে রাখার অভিযোগ পাওয়া যায়।”

এজন্য চিঠিতে কোরবানির পশুবাহী যানসমূহ যাতে কোনো চাঁদাবাজি বা হয়রানি ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের যানবাহন যাতে ফেরি পারাপারে ও রাস্তায় অগ্রাধিকার পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে কোরবানির পশু পরিবহন, বিক্রয় ও বিক্রয় পরবর্তীতে গবাদিপশুর ব্যবসায়ীরা যাতে ছিনতাই, ডাকাতি বা কোনো প্রকার নিরাপত্তাহীনতায় না পড়েন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

পুলিশ প্রধান বেনজীর আহমেদ ইতোমধ্যে সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।