বাংলা একাডেমি মহাপরিচালক পদে যোগ দিলেন কবি নূরুল হুদা
বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কবি মুহম্মদ নূরুল হুদা।
তিন বছরের জন্য তাকে এই দয়িত্ব দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার তিনি বাংলা একাডেমিতে যোগ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন মহাপরিচালককে স্বাগত জানান একাডেমির সচিব এএইচএম লোকমান, একাডেমির পরিচালক, উপপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নূরুল হুদা। এরপর ধানমণ্ডি ৩২নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
দিনের কর্মসূচিতে বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে ফুল দেওয়ার পর আজিমপুর কবরস্থানে বাংলা একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং প্রয়াত মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর সমাধিতেও ফুল দেন তিনি।
২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব সামলে আসা কবি হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ জুন মারা যান।
দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে কবি নূরুল হুদা বলেন, “বাংলা একাডেমির সঙ্গে আমার সংযোগ দীর্ঘদিনের। একাডেমি বাঙালির সামগ্রিক স্বপ্নকল্পনা, সৃষ্টিশীলতা ও জাতিসত্তার প্রতীক-প্রতিষ্ঠান। আমি আশা করি, সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত জ্ঞান-গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”
বাংলা একাডেমির সাবেক পরিচালক নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমের সাহিত্য পাতা আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছিলেন।
সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন নূরুল হুদা। ১৯৮৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
জাতিসত্তার কবি হিসাবে পরিচিত মুহম্মদ নূরুল হুদার কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, লোকসংস্কৃতি, নন্দনতত্ত্ব ও অনুবাদ সাহিত্যেও বিচরণ রয়েছে। কবিতা ইংরেজিসহ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।
৭১ বছর বয়সী হুদা বাংলা একাডেমির একজন ফেলো; পাশাপাশি আমেরিকান ফোকলোর সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ফোক ন্যারেটিভ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ কপিরাইট অফিসসহ নানা আন্তর্জাতিক সংস্থার সদস্য তিনি।
নূরুল হুদা বাংলাদেশের লেখকদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রাইটার্স ক্লাবের’ অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলার পোকখালী গ্রামে জন্মগ্রহণ করেন মুহম্মদ নূরুল হুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র থাকা অবস্থায় ‘অধোরেখ’ সংকলন সম্পাদনা করে সাহিত্যাঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- জন্মজাতি, মৈনপাহাড়, ব্যাঙকুমার, চাঁদের বুড়ো চাঁদের বাড়ি, ছোটদের বেগম রোকেয়া, ছোটদের মাইকেল মধুসূদন দত্ত, ছোটদের রবীন্দ্র জীবনী, ছোটদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, দেখা হলে একা হয়ে যাই, রাজার পোশাক, রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, সাত ভাই চম্পা, তুমি যদি জলদাস আমি জলদাসী, শুক্লা শকুন্তলা, আমি একটি খাস প্রজাপত্র চাই, শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি, মাটির নিচে, কাঠ কয়লা হাজার বছর কাতর, আমরা তামাটে জাতি, বার বছরের গল্প, তেলাপোকা ইত্যাদি।
