হাসেমের কারখানার দুই তলা থেকে লাফ দিয়েছিল শিশু হালিমা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের খাদ্য ও পানীয় তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের সময় দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কিশোরী হালিমা আক্তার এখন মা-বাবাসহ স্বজনদের চিনতে পারছেন।
১৩ বছর বয়সী এই শিশু শ্রমিককে বৃহস্পতিবার ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মাথায় আঘাত পেয়ে প্রায় অচেতন ছিল সে।
তিনদিন পর রোববার সংজ্ঞা ফিরলে মা-বাবাসহ স্বজনকে চিনতে ও তাদের সঙ্গে কথা বলতে পারছে।
হালিমার মা সাহানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানার দ্বিতীয় তলায় কাজ করত হালিমা। আগুন লাগার পর দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে মাথায় ও মুখে আঘাত পেয়েছিল।
“দুর্ঘটনার পর থেকে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কারখানার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করেছি। বিভিন্ন হাসপাতাল ঘুরে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েকে খুঁজে পাই।”
পোশাক শ্রমিক সাহানা বলেন, “এতদিন মেয়ে কোন কথা বলত না। আজ (রোববার) থেকে কথা বলতে এবং আমাদের চিনতে পারছে!”
এত ছোট মেয়েকে কেন কাজে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, “গরীবের আবার বয়স!”
হালিমার চাচা মাহবুব আলম বলেন, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জের পালগাঁও। হালিমার বড় বোন সাদিয়াও ওই কারখানায় কাজ করত। কিন্তু তার ডিউটি বৃহস্পতিবার রাতে থাকায় সে বেঁচে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের মালিকাধীন হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের মৃত্যু হয়, পাশাপাশি আহত হন অনেক শ্রমিক।
এ ঘটনায় শনিবার পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় হাসেম ফুডস লিমিটেডের মালিক মো. আবুল হাসেম ও তার চার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়।
ওই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমেনা বেগম (৩৫) ও মাজেদা বেগম (২৮) নামে আরও দুজন ভর্তি রয়েছেন।
আমেনার শিশু সন্তান প্রিয়া (১৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, তার মা দোতলায় কাজ করতেন। আগুন লাগার পর নিচে লাফিয়ে পড়ে কোমরে ও হাতে খুব ব্যাথা পেয়েছেন।
ওই কারখানায় তিনি, তার ভাই রনি (১৬) ও তার মা কাজ করতেন। তার ও রনির রাতে ডিউটি ছিল।
আমেনার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদরে। আহত মাজেদার গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ।
মাজেদা ওই কারখানার দোতলায় কাজ করতেন।তিন ছেলে এক মেয়ে ও স্বামী শফিককে নিয়ে নারায়ণগঞ্জের নতুন বাজার এলাকায় থাকতেন।
মাজেদার চাচা জালাল উদ্দিন বলেন, দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে মাথায়, হাতে ও মুখে আঘাত পেয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, নারায়ণগঞ্জের আগুনের ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা উন্নতির দিকে।
