বেতন দিতে না পারলে পৌরসভার ‘অবনমন’ বা ‘পুনর্নির্বাচন’: তাজুল
কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সক্ষমতা না থাকলে সেসব পৌরসভাকে প্রয়োজনে ইউনিয়ন পরিষদে রূপান্তরিত করা হবে অথবা পুনর্নির্বাচন দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
সোমবার স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় ও ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ এবং হিসাব সংরক্ষণের পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত অনলাইন সভায় এসব কথা বলেন তিনি।
তিনি জানান, পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে অডিট করা হবে।
তিনি বলেন, “নিজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় নির্বাহ করা, উন্নয়ন কাজে অবদান রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা সৃষ্টি হয়েছে।
“এখন যদি এসব প্রতিষ্ঠান নিজ কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং জনগণকে সঠিক সেবা প্রদানের সক্ষমতা না থাকে তাহলে পৌরসভা হিসেবে টিকে থাকার যৌক্তিকতা হারাবে।”
বিদ্যমান আইনে বিষয়টি বলা রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “এই আইনের সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনে পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদে রূপান্তর বা পরিষদ ভেঙ্গে পুনঃনির্বাচন দেয়া হবে।”
বিভিন্ন পৌরসভা থেকে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে তিনি জানান, বেশিরভাগ পৌরসভা তাদের কর্মচারীদের বেতন পরিশোধ করছে। যেসব পৌরসভা পুরোপুরি বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তার সুনির্দিষ্ট কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে।
পৌরসভাগুলোর আয় এবং ব্যয়ে স্বচ্ছতা আনতে এক্সটারনাল অডিটের ব্যবস্থা করা হবে। এজন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
