২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকার মুগদার ঝিলপাড় এলাকায় কানামাছি খেলতে খেলতে ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 11:50 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

শিশুটির নাম সাদিয়া আক্তার মিম (৯)। সে স্থানীয় আহমদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

সোমবার সন্ধ্যায় এক তলা বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়ার পর সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

সাদিয়ার মাকে উদ্ধৃত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় অন্য শিশুদের সাথে বাসার ছাদে কানামাছি খেলার সময়ে চোখ বাঁধা অবস্থায় শিশুটি ছাদ থেকে নিচে পড়ে যায়।”

শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

সাদিয়ার বাবা স্বপন মিয়া রিকশাচালক এবং হাসি বেগম গৃহকর্মী হিসেবে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার নাইশাবাজার গ্রামে।