২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউন: অলিগলির অন্য ভুবন

‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া লকডাউনে বাইরে যেতে মানা থাকলেও শহরের অলিগলি যেন আলাদা এক রাজ্য। চলাচল, জটলা আর কেনাকাটায় নেই স্বাস্থ্যবিধি মানার তাগিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কামাল হোসেন তালুকদার,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 08:03 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

‘প্রয়োজনে’ কিংবা ‘অপ্রয়োজনে’ গলির ভেতর মানুষের চলাচল ততটা নিয়ন্ত্রণ করতে পারছে না লকডাউন, যতটা পারছে প্রধান সড়কে। ফলে সংক্রমণের ঝুঁকি থাকছেই।

প্রধান সড়কগুলোতে মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি আছে। কিন্তু ঢাকার অলিগলির দায়িত্ব কে নেবে? কাঁচাবাজার, মাছের দোকান আর মুদি দোকানের সামনের ভিড় সরানোর দায়িত্ব কার?

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, নিত্যপণ্যের দোকান তো খোলাই থাকবে- প্রজ্ঞাপনে তাই আছে। তারপরও এসব দোকানে গিয়ে মানুষকে সচেতন করা হয়।

১ জুলাই সাত দিনের লকডাউন ঘোষণার পর রাস্তায় বেরিয়ে গ্রেপ্তার হয়েছে দুই হাজারের বেশি মানুষ। কিন্তু অলিগলিতে মানুষের স্বাস্থ্যবিধি মানায় অনীহা আছে আগের মতই। অনেকেরই মুখের মাস্ক মুখে থাকতে চায় না।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হেঁটে চলা মানুষ, ফুটপাতের বিক্রেতা, রিকশা চালক কিংবা যাত্রীদের অনেকের মুখে মাস্ক নেই। কারও মাস্ক থুতনিতে।

শুক্র ও শনিবার বৃষ্টির কারণে চলাচল অনেকটা কম ছিল, প্রধান সড়কগুলো ছিল অনেকটা ফাঁকা ছিল। কিন্তু রোববার চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটও খুলতে শুরু করেছে।

মিন্টো রোডে সড়কের পাশেই ‘জরুরি বিদ্যুৎ’ স্টিকার লাগানো একটি গাড়ি থামিয়ে তিনজনকে দেখা যায় থুতনিতে মাস্ক নামিয়ে পাশাপাশি বসে মোবাইলে কিছু একটা দেখছেন।

নাজিমুদ্দিন রোডে বাকরখনি বানাচ্ছিলেন এক কর্মচারী। মুখে মাস্ক নেই, আর একটু পর পর উনুনে পোড়া বাকরখানির সামনেই কাশি দিচ্ছেন! কী করছেন? বলতেই আটা ময়দায় মাখানো একটি মাস্ক মুখে আঁটলেন।

চকবাজারে বিভিন্ন মার্কেট নিয়ম মেনে বন্ধই ছিল। এছাড়া মিটফোর্ড, পাটুয়াটুলী, বংশাল, ইসলামপুর, নাজিমুদ্দিন রোড, গুলিস্তান ও কাকরাইল এলাকার মার্কেটগুলোও ছিল বন্ধ।

তবে মার্কেটের সামনে দোকান মালিক ও কর্মচারীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেন দাঁড়িয়ে আছেন? জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায়নি। কোনো মার্কেটে মালামাল তুলতে বা বের করতে দেখা গেছে।

মিরপুর ১২ নম্বর এলাকায় ফার্নিচার, বেডিং স্টোর, স্যানিটারি পণ্য, ইলেক্ট্রনিক পণ্য ও কাপড়ের দোকান খোলা দেখা গেল। অনেক দোকানে শাটার অর্ধেক বন্ধ রেখে বিক্রি চলছে।

বিসমিল্লাহ বেডিং স্টোরের মালিক ইমরান চৌকদার বললেন, “কিছু অর্ডার ছিল। সেগুলার কাজ করছি। এতদিন বন্ধ ছিল, আজ খুলছি। চলতে তো হবে। পুলিশ আসলে দোকান অফ করে দেব।”

পুরান ঢাকার আজিমপুর, লালবাগ, কেল্লারমোড়, বকশীবাজার ও পলাশীর অলিগলিসহ প্রধান সড়কে দেখা গেল মানুষ এবং রিকশার সংখ্যা অনেকটাই বেড়েছে।

আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় রাস্তার পাশের মাছ, সবজি, মুদি দোকানগুলো খোলা। ক্রেতারাও গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে কেনাকাটা করছেন।

আজিমপুর চৌরাস্তা, লালবাগ কেল্লার গেইট এলাকায় পুলিশ আছে, তবে তল্লাশিতে অতোটা কড়াকড়ি দেখা যায়নি।

রামপুরা, হাজীপাড়া, মালিবাগ এলাকার অলিগলিতে মানুষের আনাগোনা গত কয়েক দিনের চেয়ে বেড়েছে। বিধিনিষেধের মধ্যে পড়ে এমন কিছু দোকানপাটও খোলা হয়েছে। তবে পুলিশের টহল গাড়ি দেখলেই দ্রুত ঝাঁপ নামানো হচ্ছে।

এসব নিয়ে প্রশ্ন করলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়টি লকডাউন চলার দ্বিতীয় দিনেই নজরে এসেছে। তারপর থেকেই অলিগলিতে পেট্রোলিং বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে মাইকিং করছি এবং জরিমানা করছি।”

র‍্যাব কর্মকর্তা মঈন বলেন, “যে কোনো জিনিস কার্যকর করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই সবার আগে জনগণকে এগিয়ে আসতে হবে।”

লালবাগ বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অলিগলির এই জটলা সরানোর জন্য পেট্রোলিং বাড়ানো হচ্ছে।”

সরেজমিনে দেখা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গলিতে ঢুকলে মানুষের ভিড় এবং জটলা কমে আসে, কিন্তু তারা চলে গেলেই আবার আগের অবস্থা ফিরে আসে।

করোনাভাইরাসের অতি সংক্রামক ‘ডেল্টা ধরনে’ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সুপারিশে গত ১ জুলাই সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন দেওয়া হয়।

বিশেষজ্ঞদের পরামর্শে সোমবার এই বিধিনিষেধের সময়সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এই সময়ে জরুরি সেবা ছাড়া অন্যসব অফিস-আদালত বন্ধ, যান্ত্রিক যানবাহনে যাত্রী বহনও নিষিদ্ধ। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে আছে।