২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়েজিদ বোস্তামীর মাজার এস্টেটে দুর্নীতির অভিযোগে মামলার সিদ্ধান্ত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজার এস্টেটের ৫০টি দোকান বরাদ্দের নামে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দরগাহ ওয়াকফ এস্টেটের পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারিসহ চারজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 12:31 AM

Updated : 02 Aug 2022, 06:01 PM

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান।

মামলায় প্রধান আসামি করা হচ্ছে সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ ওয়াকফ এস্টেটের পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি আনোয়ারুল ইসলাম চৌধুরীকে।

এছাড়া অভিযোগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে স্থানীয় মো. রফিকুল ইসলাম, ইয়াজ্জেম হোসেন রোমেন ও মো. হারুনুর রশিদকেও আসামি করা হচ্ছে বলে দুদক কর্মকর্তা আরিফ জানিয়েছেন।

তিনি বলেন, “দুদকের এক অনুসন্ধানে বায়েজিদ বোস্তামী দরগাহ শরীফের দোকান বরাদ্দের অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ মামলা করা হচ্ছে।”

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দরগাহ শরীফ ওয়াকফ এস্টেটের পরিচালনা কমিটি ওয়াকফ প্রশাসনের মসজিদ ও বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার আগেই একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে ‘অবৈধ চুক্তি’ করেন ২০১৯ সালের সেপ্টেম্ব পর্যন্ত সেক্রেটারির পদে থাকা আনোয়ারুল। 

এছাড়া সরকারের ক্রয়-বিক্রয় নীতিমালাসহ সংশ্লিষ্ট আইন ভঙ্গ করে পুরাতন মসজিদের মালামাল বিনা দরপত্রে বিক্রি এবং ডেভেলপার কোম্পানি প্রস্তাবিত বাণিজ্যিক ভবনের দোকানের পজেশন হস্তান্তরের নামে ৪৬ জনের কাছ থেকে সালামির প্রথম কিস্তি বাবদ ৫ লাখ টাকা করে নিয়ে মোট ২ কোটি ৫০ লাখ টাকা ‘আত্মসাৎ’ করার প্রমাণ মেলার কথা বলা হয় দুদকের অনুসন্ধান প্রতিবেদনে।

অভিযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম চৌধুরীর বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। দরগাহ শরীফ ওয়াকফ এস্টেটের বর্তমান পরিচালনা কমিটির কেউ এ বিষয়ে কথা বলতে চাননি।