প্রথম মৃত্যুবার্ষিকীতে সাবেক সচিব মোহসীন চৌধুরীকে স্মরণে কর্মসূচি
সাবেক প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী
এক বছর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর ২৯ জুন মারা যান তিনি।
মোহসীন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান ও মাগফেরাত কামনায় দোয়া কর্মসূচি পালন করবে।
পারিবারিক উদ্যোগেও মোহসীন চৌধুরীর জন্য দোয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
মোহসীন চৌধুরীর ভাই প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্ম মোহসীন চৌধুরীর।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি করেন তিনি। পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এমএ ডিগ্রি নেন।
বিসিএস ১৯৮৫ সালের ব্যাচের কর্মকর্তা মোহসীন কর্মজীবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন তিনি।
গত বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্যেষ্ঠ সচিবের মর্যাদা পেয়েছিলেন তিনি।
