২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুয়া’ আগাম জামিন আদেশ: আইনজীবীর ৬ দিনের রিমান্ড

বগুড়ায় সংঘর্ষের এক মামলায় ‘ভুয়া’ আগাম জামিন আদেশ তৈরিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা জজ কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীবকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2021, 08:51 PM

Updated : 07 Apr 2022, 11:16 PM

বৃহস্পতিবার শাহবাগ থানার পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক মোর্শেদ আল মামুন ভূঁইয়া ৬ দিন মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।

বুধবার আইনজীবী রাজু আহমেদ রাজীবকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

গত ৯ ফেব্রুয়ারি বগুড়ায় মোটর মালিক গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়।

এর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ছোট ভাই মশিউল আলমের করা মামলায় ৩০ জনের নামে হাইকোর্ট থেকে ‘ভুয়া’ আগাম জামিন আদেশ তৈরির অভিযোগ ওঠে। পরে বিষয়টি সংশ্লিষ্ট আদালতের নজরে আসে।

১০ ফেব্রুয়ারি বগুড়া থানায় করা ও্ই মামলায় স্থানীয় যুবলীগের সহ-সভাপতি মো. আমিনুল ইসলামসহ ৩৩ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে আমিনুলসহ ৩০ জনের নামে জামিন আদেশ হয়।

এ ঘটনায় সিআইডির তদন্তে ঢাকা জজ কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীব, বগুড়া আদালতের আইনজীবী তানজীম ইসলাম, ঢাকা জজ কোর্টের কম্পিউটার অপারেটর মাসুদ রানা ও ঢাকা জজ কোর্টের আইনজীবীর সহকারী মো. সোহাগের নাম উঠে আসে। এদের মধ্যে কারাগারে থাকা সোহাগ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে হাইকোর্টের নির্দেশে গত ৯ জুন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চে মামলার প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত দুই আইনজীবী ও কম্পিউটার অপারেটর মাসুদ রানাকে দুই সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

আসামিদের বিরুদ্ধে হাইকোর্টের জাল আদেশ দাখিল করে বগুড়ার আদালত থেকে জামিন নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি যুবলীগ নেতা ও কাউন্সিলর মো. আমিনুলসহ ৩০ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট।

ওই আদেশ বাস্তবায়ন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।