২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে কয়েক ঘণ্টার অভিযানে ২৪ দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজাও দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2021, 04:52 PM

Updated : 02 Aug 2022, 05:55 PM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে।

দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে দালালদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ভুল বুঝিয়ে আশপাশের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই র‌্যাব-৩ বৃহস্পতিবার এই অভিযান চালায়, যাতে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী হাকিম পলাশ কুমার বসু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানকার চিকিৎসা ব্যবস্থাও অনেক উন্নত। কিন্তু কতিপয় মধ্যস্বত্বভোগী কিংবা দালালেরা তাদেরকে এই সেবা গ্রহণে বাধা দেয়। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতেই র‌্যাব-৩ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আজকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।

“ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তারা বিভিন্ন সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেলে আসেন। কিছু দালাল তাদের ব্রেইনওয়াশ করে বিভিন্ন নিম্নমানের প্রাউভেট হাসপাতালে কম খরচে ভালো চিকিৎসার লোভ দেখিয়ে নিয়ে যায়।”

আটক ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান পলাশ বসু।

তিনি বলেন, “তারা স্বীকার করেছে যে তারা বেশ কিছুদিন যাবৎই এখানে সেবা গ্রহণে আসা ব্যক্তিদের নানাভাবে হয়রানি ও প্রতারণা করে তাদের কাছ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে আসছিলেন।”

এদিকে রোগী ও তাদের স্বজনদের অভিযোগের সূত্র ধরে নিম্ন মানের বেসরকারি হাসপাতালগুলোতেও অভিযান চলবে বলে জানিয়েছে র‌্যাব।