২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে পুলিশের এসআইর মৃত্যু

ঢাকার সদরঘাটে নদীতে পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2021, 05:44 PM

Updated : 07 Apr 2022, 11:11 PM

রোববার সকালে তিনি একটি লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।

শাওলিন আকিব (২৭) নামে এই উপ-পরিদর্শক পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।

আকিব পুলিশে যোগ দিয়ে প্রশিক্ষণ নিয়ে সবে কাজ শুরু করেছিলেন বলে সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি গোলাম মোর্শেদ জানিয়েছেন।

আকিব বরগুনা থেকে আসা তার স্বজনদের নিতে সকালে সদরঘাটে এসেছিলেন।

ওসি মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ‘এমভি রাজারহাট-ডি' লঞ্চটি ৭ নম্বর পন্টুনে আসামাত্র আকিব লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান। পড়ার সময় পন্টুনেও আঘাত পান তিনি।

এরপর ফায়ার সার্ভিস ডুবুরি দল ৮ নম্বর পন্টুন বরাবর নদী থেকে আকিবের মৃতদেহ উদ্ধার করে বলে জানান মোর্শেদ।

তিনি বলেন, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই আকিবের লাশ নিয়ে যায়।