আজিমপুর স্টাফ কোয়ার্টার্সে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টার্সের এক বাসার টয়লেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ইশরাত জাহান তুষ্টি নামের ২১ বছর বয়সী ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুরে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় আজিমপুর স্টাফ কোয়ার্টার্সের ১৮ নম্বর ভবনের নিচতলায় এক বান্ধবীর সঙ্গে থাকছিলেন তুষ্টি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, একটি ভবনের টয়লেটে একজন আটকে থাকার খবর পেয়ে তাদের উদ্ধারকর্মীরা রোববার সকালে আজিমপুর স্টাফ কোয়ার্টার্সে যায়।
“ভবনের নিচতলার বাসায় টয়লেটের দরজা ভেঙে তুষ্টিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”
তুষ্টির শরীরে জখমের কোনো চিহ্ন ছিল না জানিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “অসুস্থতাজনিত কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, “নিচতলার ওই কক্ষে তুষ্টি তার এক বান্ধবীর সঙ্গে থাকতেন। রাতে তারা এক সঙ্গেই ঘুমিয়েছিলেন। সকালে বাথরুমে তুষ্টির কোনো সাড়া-শব্দ না পেয়ে তার বান্ধবী ফায়ার সার্ভিসে খবর দেন। তুষ্টির মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
তুষ্টির অ্যাটাচমেন্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে। হল বন্ধ থাকায় বান্ধবী রাহনুমা তাবাসসুম রাফিকে সঙ্গে নিয়ে আজিমপুর স্টাফ কোয়ার্টার্সের ওই বাসায় সাবলেট থাকছিলেন তিনি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি গতকাল রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। তুষ্টি কখন বাথরুমে গেছে বলতে পারব না। সকালে অনেক্ষণ বাথরুম বন্ধ ছিল, ডাকাডাকি করেও সাড়া পাচ্ছিলাম না। তখন ভেন্টিলেটর দিয়ে দেখলাম ও বাথরুমে পড়ে আছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ওরা এসে হাসপাতালে নিয়ে যায়।”
তুষ্টির কোনো ধরনের অসুস্থতা ছিল কি না জানতে চাইলে রাফি বলেন, “গতকাল বৃষ্টিতে ভিজেছিল। আগে থেকে ওর অ্যাজমা ছিল। শ্বাসকষ্টের কারণে নিয়মিত ইনহেলার ব্যবহার করত।“
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমও এ বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি। মেডিকেল রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকেও অনুসন্ধান করতে অনুরোধ করা হয়েছে।”
