২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. সাবিরা হত্যা মামলায় ৮ জুলাই প্রতিবেদন দেওয়ার নির্দেশ

ঢাকার কলাবাগানে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আগামী ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 06:53 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

Image
লাশ উদ্ধারের খবর পেয়ে সাবিরা রহমানের ফ্ল্যাটে পুলিশ। ফাইল ছবি

লাশ উদ্ধারের খবর পেয়ে সাবিরা রহমানের ফ্ল্যাটে পুলিশ। ফাইল ছবি

সাবিরার পরিবার থানায় মামলা করার পরদিন বুধবার এজাহার আদালতে আসে। ঢাকার মহানগর রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে কলাবাগান থানার এসআই গোলাম রাব্বানীকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সোমবার দুপুরে কলাবাগান প্রথম লেইনের একটি বাড়ির চার তলার ফ্ল্যাট থেকে সাবিরার মৃতদেহ উদ্ধার করা হয়। ৪১ বছর বয়সী এই চিকিৎসক গ্রীন লাইফ হাসপাতালে সনোলজিস্ট ছিলেন।

সাবিরার শরীরে ধারাল জখম এবং পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়ার কথা পুলিশ জানিয়েছিল।

সাবিরা ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে দুজনকে ‘সাবলেট’ দিয়েছিলেন। তাদের একজন প্রথম সাবিরার লাশ দেখেন। অন্যজন বাসায় ছিলেন না।

সাবিরার মামাত ভাই রেজাউল হাসান জুয়েল মঙ্গলবার থানায় হত্যামামলা দায়ের করলেও তাতে আসামির তালিকায় কারও নাম দেওয়া হয়নি।

পুলিশ বলছে, তারা ঘটনাটিকে হত্যা হিসাবেই দেখছে।

ডা. সাবিরা খুন হয়েছেন ধরে চলছে পুলিশের তদন্ত  

সাবিরার লাশ যে কক্ষে পাওয়া যায়, তার পাশের কক্ষের সাবলেট থাকা কানিজ সুবর্ণা, তার বন্ধু মাহতির মোহাম্মদ স্পন্দন, ওই বাড়ির দারোয়ান রমজানসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাবিরার প্রথম স্বামী একজন চিকিৎসক ছিলেন। ২০০৩ সালে দুর্ঘটনায় তার মৃত্যুর পর ২০০৫ সালে একজন ব্যাংকারকে বিয়ে করেন লিপি। তবে বর্তমান স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় সাবিরা আলাদা থাকতেন।

দুই সংসারে সাবিরার দুই সন্তান রয়েছে। তারা তাদের নানীর বাসায় থাকে। সেই বাসাটিও কলাবাগানে।