ঢাকার আশুলিয়ায় এক বাড়িতে ৬ জন অগ্নিদগ্ধ
ঢাকার সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের একটি টিনশেড বাসায় আগুনে দগ্ধ হয়েছেন শিশুসহ ছয়জন।
বুধবার ভোর ৫টায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন- আউয়াল ইসলাম (৩৫), স্ত্রী রেনু বেগম (২৮), মেয়ে আরফিয়া (৯), মাদ্রাসার ছাত্রী ও সাবলেট ভাড়াটিয়া আফরোজা বেগম (৩৫), আরেক ভাড়াটিয়া আব্দুল হাকিম (৩৫) এবং তার স্ত্রী আদুরী খাতুন (৩০)।
তাদের সঙ্গে হাসপাতালে আসা জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, এরা সবাই টিনশেড বাসার ভাড়াটিয়া। এদের মধ্যে কেউ সেলাইয়ের কাজ করেন, কেউ গার্মেন্টসে কাজ করেন।
“ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ আগুনে দগ্ধ হয়ে রুম থেকে বাইরে বেরিয়ে আসে তারা।”
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আউয়ালের শরীরের ১৫ শতাংশ, রেনু বেগমের ১৫ শতাংশ, আরফিয়ার ২২ শতাংশ, আফরোজা বেগমের ৫৫ শতাংশ, আব্দুল হাকিমের ২৩ শতাংশ ও আদুরী খাতুনের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
তারা কেউ আশঙ্কামুক্ত নন বলে জানান এই চিকিৎসক।
স্থানীয়দের ধারণা, গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।
