২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষা নামছে, ফাঁকে তাপপ্রবাহও

আষাঢ় আসতে আরও দিন-পনের বাকি। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার ঘটবে দেশজুড়ে। সে হিসাবে জুনের প্রথমার্ধে বর্ষা শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 12:41 AM

Updated : 10 Oct 2022, 06:00 PM

চলতি মাসে সাগরে যেমন নিম্নচাপ, ভারি বর্ষণ, আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে, তেমনি তাপপ্রবাহের আভাসও রয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জুন মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে জানান, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে।

মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। পুবালি ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ দিন বেশ বৃষ্টি হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১৬১ মিলিমিটার। এসময় ঢাকায় ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকায় তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত  

এছাড়া ময়মনসিংহে ৮৩ মিলিমিটার, সন্দ্বীপে ১০০ মিলিমিটার, ফেনীতে ১০৪ মিলিমিটার, নোয়াখালীল মাইজদীতে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়ে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এর মধ্যে একটি নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসে একটি মৃদু (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের (সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে।