২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, উত্তরায় দুই রিকশাচালকের মৃত্যু

বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে গিয়ে তলিয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে রাজধানীর উত্তরায় দুজন রিকশাচালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 03:44 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

তাদের মধ্যে মো. আব্দুর রাজ্জাকের বয়স ৫০ বছর। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে। অন্যজন সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জিয়া, তার বয়স ৪৫ বছর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ৮ টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে ওই ঘটনা ঘটে।

“বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারের সাথে পেঁচিয়ে তারা দুজন একসাথেই বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

“অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।