২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইজারের টিকা আসতে দেরির কথা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা রোববার আসছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 03:58 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

ফ্লাইট সিডিউল পাওয়া না যাওয়ায় তা রোববার ঢাকায় পৌঁছাচ্ছে না এবং ১০ থেকে ১২ দিন দেরি হতে পারে বলে সংবাদ বুলেটিনে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো.রোবেদ আমিন।

রোববার তিনি বলেন, “দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্লাইট সিডিউলটা আমরা এখনও পাইনি। এ কারণে কোভ্যাক্স থেকে আসা ফাইজারের ওই টিকা বাংলাদেশ আজ পাচ্ছে না। এটা কিছুটা দেরি হতে পারে। সেটা ১০ থেকে ১২ দিন দেরিও হতে পারে।

“এই টিকা আসার পর আমাদের টিকা বিতরণ সংক্রান্ত কমিটি ঠিক করবেন ওই টিকা কখন কাকে দেওয়া হবে।”

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে এই টিকা বাংলাদেশে আসার কথা ছিল।

দেশে করোনাভাইরাসের টিকা সঙ্কটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার এই টিকার চালান আসবে।

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এই টিকা প্রয়োগ করা হচ্ছে।

Image
ফাইজার-বায়োএনটেকের যে টিকা প্রথম চালানে বাংলাদেশকে কোভ্যাক্স দিয়েছে, তা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ফাইজার-বায়োএনটেকের যে টিকা প্রথম চালানে বাংলাদেশকে কোভ্যাক্স দিয়েছে, তা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের জরুরি ব্যবহার্য টিকার তালিকায় ফাইজারের ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করেছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড বা সিনোফার্মের তৈরি টিকার মতোই ফাইজার-বায়োএনটেকের টিকাও নিতে হবে দুই ডোজ করে। প্রথম ডোজ দেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ।

১২ বছর বা তার বেশি বয়সীদের ওপর ফাইজারের টিকা প্রয়োগ করা যাবে। চূড়ান্ত ধাপের ট্রায়ালে এ টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে উৎপাদকদের ভাষ্য।

পরীক্ষামূলক প্রয়োগে তুলনামূলকভাবে বেশি কার্যকারিতা দেখালেও ফাইজারের টিকা সংরক্ষণ ও সরবরাহের কাজটি কোভিশিল্ডের মত সহজ নয়।

কোভিশিল্ড যেখানে সাধারণ রেফ্রিজারেটরে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব, সেখানে ফাইজারের টিকা মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করতে হবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, এই টিকা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন রাখা যাবে। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা দুই ঘণ্টা ভালো থাকবে।

ফাইজারের টিকা: সংরক্ষণ-বিতরণ কীভাবে

ফাইজারের টিকা আসছে রোববার

কোভিড: বাংলাদেশে অনুমোদন পেল ফাইজারের টিকা  

কোভিড-১৯: এবার ফাইজারের দাবি টিকা ৯৫% কার্যকর

কোভিড-১৯: ফাইজারের টিকা নিয়ে যা জানা দরকার