২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের তাপপ্রবাহ, বৃষ্টির অপেক্ষা আরও দুদিন

ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই মধ্য জ্যৈষ্ঠে ফের তাপপ্রবাহ শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 12:01 AM

Updated : 02 Aug 2022, 05:52 PM

বুধবার থেকে শুক্রবার তিন দিন ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার থেকে তা বাড়ছে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। হাতিয়া, বগুড়া, তাড়াশ, ডিমলা ও ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

“সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর টেকনাফ উপকূল পযন্ত অগ্রসর হতে পারে।”

রোববারের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে।

জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে দেশেজুড়ে তাপপ্রবাহ বয়ে যায়। এরই মধ্যে গেল শনিবার সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। তা ধীরে ধীরে ঘনীভূত হয়ে সোমবার সকালে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ রূপ নেয়। বুধবার তা অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে দুপুরে ভারতের ওড়িশা উপকূল পার হয়।

ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বেড়ে উপকূলীয় নয়টি জেলার ২৭টি উপজেলায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

পুরনো খবর:

ঝড়ের সংকেত নেমেছে, বৃষ্টি চলছে কোথাও কোথাও