২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে বসা নিয়ে ঝগড়া, আঘাতে প্রাণ গেল তরমুজ বিক্রেতার

ফুটপাতে বসার জায়গা ঝগড়ায় আখের রস বিক্রেতার আঘাতে মারা গেছেন তরমুজ বিক্রেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2021, 04:12 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর বঙ্গমার্কেটের সামনের ফুটপাতে এই ঘটনায় নিহত হন তরমুজ বিক্রেতা সেলিম (৫০)।

ঘটনার পর আখের রস বিক্রেতা সুলতানকে (২৫) আটক করেছে পুলিশ।

বাবুপুরা পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় অদূরে থাকা পুলিশ সদস্যরা সুলতানকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

“আর আহত সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।”

সেলিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জয়নাল আবেদিন বলেন, “ফুটপাতে জায়গা দখল নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে। ঝগড়ার এক পর্যায়ে সুলতান আখের রস মাড়ানোর মেশিনের লোহার হাতল দিয়ে সেলিমের মাথায় আঘাত করে।”

সেলিমের স্ত্রী শাহিনুর বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালীর মাইজদি উপজেলায়। তারা বঙ্গমার্কেটের কাছেই রেডিও কলোনিতে থাকেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুলতানও একই এলাকায় থাকেন।

ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সেলিম ফুটপাতে বিভিন্ন মালামাল বিক্রি করেন। কিছুদিন ধরে তিনি তরমুজ বিক্রি করছিলেন।