২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভাগ্য, ঝুঁকিপূর্ণ দেশগুলোর হাতে মাত্র ০.৩% টিকা: বোলকান বজকির

সব দেশের জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি বোলকান বজকির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2021, 07:52 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে আছে মাত্র দশমিক ৩ শতাংশ টিকা। অন্যদিকে অনেক দেশ তার সব নাগরিককে টিকা প্রয়োগ করেছে।

”জাতিসংঘ থেকে আমরা সবার জন্য টিকার প্রচার শুরু করেছি, যাতে সব দেশের জন্য টিকার সমান ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করা যায়।”

দুদিনের সফরে মঙ্গলবার সকালে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বোলকান বজকির। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও তিনি পরিদর্শন করেছেন।

এরপর ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করে সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি।

বঙ্গবন্ধু লেকচার সিরিজের ষষ্ঠ পর্বে ’বাংলাদেশ ও জাতিসংঘ’ শীর্ষক বক্তৃতার পর আবারও তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এসময় সবার জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভাক্সের মাধ্যমে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেন বোলকান বজকির।

তিনি বলেন, “সব দেশকে তাগাদা দেওয়ার সব ধরনের পদক্ষেপ আমরা নেব। কেননা সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ এ বিপদে নিরাপদ নয়। আমরা সব দেশকে বলব, কেবল নিজের বিষয়ে নয়, অন্যদের বিষয়েও চিন্তা করুন।“

টিকার প্রয়োজনীয় যোগান পেতে কোভ্যাক্স ব্যর্থ হয়েছে কি-না, এ প্রশ্নে বজকির বলেন, ” আগে এটা বলা যেত, এখন পরিস্থিতি পাল্টেছে। কোভ্যাক্স আরো উন্নত হয়েছে।

”স্বল্প সময়ে কোভ্যাক্স এখন আরো টিকা বিতরণ করতে পারবে। আমাদেরকে সব মানুষের অধিকার এবং সব ঝুঁকিপূর্ণ দেশের টিকা নিশ্চিতের যাত্রা অব্যাহত রাখতে হবে।”