আদালতের ‘সময় নষ্ট’: আইনজীবী ইউনুছ আলীর জরিমানা মাফ
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে সতর্ক করে জরিমানার টাকা মওকুফ করে দিয়েছে হাই কোর্ট।
মামলা করার পর শুনানি না করে এবং আদেশের সময় হাজির না থেকে আদালতের ‘সময় নষ্ট করায়’ তাকে জরিমানা করেছিল আদালত।
সেজন্য ভুল স্বীকার করে এই আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাই কোর্ট বেঞ্চ সোমবার জরিমানা মওকুফের ওই আদেশ দেয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম এ সময় আইনজীবী আকন্দকে সতর্ক করে বলেন, ‘আপনার বিরুদ্ধে অভিযোগ হল, আপনি ফেইসবুকে আদালত নিয়ে নানা কথা লেখেন। আপনার বয়স হয়েছে, সাবধান হয়ে যান।’
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জারিমানার আদেশের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ ফেইসবুকে এবং আইনজীবীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এ বিষয়টি আদালতের নজরে এনেছিলাম। পরে আদালত তাকে সতর্ক করে জরিমানার টাকা মওকুফ করে দিয়েছেন।”
মহামারী সামাল দিতে সরকারের বিধিনিষেধ জারির বৈধতা চ্যালেঞ্জ করে এপ্রিলে হাই কোর্টে একটি রিট মামলা করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
সে মামলাটি কার্যতালিকায় এলেও শুনানি না করে এবং আদেশের সময় হাজির না থেকে আদালতের ‘সময় নষ্ট করায়’ গত ৫ মে এ আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করে হাই কোর্ট।
এরপর গত ১৯ মে ভার্চুয়াল আদালতে যুক্ত হয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি জরিমানার টাকা মওকুফ করার আর্জি জানান তিনি।
আদালতে সেদিন তিনি বলেছিলেন, ভার্চুয়াল এ কোর্টের জুম আইডি পরিবর্তন হওয়ায় মামলার শুনানিতে তিনি অংশ নিতে পরেননি।
“আমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা মাফ করে দিন। আমি ক্ষমা চাইছি।”
পরে আদালত তাকে লিখিত আবেদন নিয়ে আসতে বলে। ইউনুছ আলী আকন্দ সে অনুযায়ী লিখিত আবেদনে ভুল স্বীকার করে ক্ষমা চান।
গত ২৫ এপ্রিল দায়ের করা ওই রিট মামলায় ইউনুছ আলী আকন্দ দাবি করেন, জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই। চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সে জন্য নির্দেশনা চেয়েছিলেন তিনি।
২৭ এপ্রিল রিট আবেদনটি উপস্থাপন করলে তা কার্যতালিকায় ওঠে। কিন্তু ইউনুছ আলী সেদিন ছিলেন না। তখন আদালত মামলাটির শুনানি না করে ৫ মে আদেশের জন্য রাখে। কিন্তু ওইদিনও কার্যতালিকা ধরে ডেকে ইউনুছ আলী আকন্দকে পায়নি আদালত।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক এম ইনায়েতুর রহিম সেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খানের কাছে পরামর্শ চান, শুনানি বা আদেশের সময় আদালতে আইনজীবী উপস্থিত না থাকায় মামলা খারিজের সাথে খরচ বাবদ জরিমানা করা যায় কিনা।
জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, জনস্বার্থের মামলায় এ রকম হলে খরচ বাবদ জরিমানা করা যায়।
বিচারপতি ইনায়েতুর রহিম তখন বলেন, “এই আবেদন (লকডাউন চ্যালেঞ্জ করা রিট) দিয়ে চার দিন পাঁচ দিন (তিনি) নাই। লকডাউন চ্যালেঞ্জ করে মাঝে মাঝে উঁকি দেন, আর মামলা ধরলে থাকেন না। প্রতিদিনই এ কাজ করেন। ঠিক আছে, ডিসমিস ফর ডিফল্ট কস্ট অব টাকা টেন থাউজেন্ড।”
সেদিন একজন আইনজীবী খরচ বাবাদ জরিমানার ১০ হাজার টাকা মাফ করে দেওয়ার আর্জি জানান।
বিচারপতি এম ইনায়েতুর রহিম তখন বলেছিলেন, “কেন মাফ করব? কোর্ট কাচারি নিয়ে ফাজলামো নাকি? লকডাউনের মধ্যে একটা মামলা করেছেন, উনাকে একদিনও পাওয়া যায় না। উনি মামলা করে মিডিয়ায় আগে বলে দেন যে মামলা ফাইল করা হয়েছে।
“পাঁচ দিন ছয় দিন ধরে মামলা লিস্টে, উনি আসেন না। কী ধরনের কথা! লিস্টে দিয়ে উনি পেপার পত্রিকায় নিউজ দেবেন!”
ভার্চুয়াল আদালতে উপস্থিত একজন আইনজীবী সেদিন বলেন, “তাকে (ইউনুছ আলী আকন্দকে) সিরিয়াসলি সতর্ক করা উচিৎ। আপিল বিভাগ থেকেও তাকে একবার সতর্ক করা হয়েছে।”
বিচার বিভাগ নিয়ে ফেইসবুকে কিছু মন্তব্যের কারণে গতবছর অক্টোবরে আইনজীবী ইউনুছ আলী আকন্দকে গুরুতর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সর্বসম্মত ওই রায়ে ইউনুছ আলীকে তিন মাস তাকে সুপ্রিম কোর্টে আইন পেশা থেকে বিরত থাকার শাস্তি দেওয়া হয়।
দেশে বিভিন্ন ঘটনার পর রিট মামলা করে আলোচিত ইউনুস আলী আকন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করে হেরে যান।
গতবছর বঙ্গবন্ধুর জন্মদিনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন করে তিনি নতুন আলোচনার জন্ম দেন।
