রোজিনার মুক্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
মামলা প্রত্যাহার করে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়াসহ চার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
বুধবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একশ শিক্ষকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
তাদের দাবির মধ্যে রয়েছে- রোজিনা ইসলামকে যারা অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতন করেছেন ও পেশাগত কাজে বাধা দিয়েছেন তাদের বিচার, অনুসন্ধানী সাংবাদিকতা ও সার্বিকভাবে সবার মতপ্রকাশের স্বাধীনতার জন্য বাধাস্বরূপ দাপ্তরিক গোপনীয়তা আইন ১৯২৩ ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
রোজিনার বিরুদ্ধে সরকারি গোপন নথি ‘চুরির চেষ্টা’ এবং ‘ছবি তোলার’ অভিযোগ আনা হয়েছে, তবে তিনি কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন। বরং তাকে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
এই সাংবাদিককে রিমান্ডে নিতে পুলিশের করা আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার রোজিনার জামিন শুনানির তারিখ রাখা হয়েছে।
শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, রোজিনা কোনো অপরাধ করেননি। অপরাধ কারা করেছে, রোজিনা তা চিহ্নিত করেছেন তার প্রতিবেদনে। উপরন্তু সোমবারের ঘটনায় অপরাধ করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা রোজিনাকে অবৈধভাবে আটকে রেখে, শারীরিকভাবে নির্যাতন করে, অসুস্থতায় ঠেলে দিয়ে, চিকিৎসাবঞ্চিত রেখে এবং সর্বোপরি তার পেশাগত কাজে কাজে বাধা দিয়ে।”
স্বাস্থ্যখাতের দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রোজিনাকে ‘হয়রানি’ করা হচ্ছে দাবি করে বিবৃতিতে বলা হয়, “আমরা জানি ও বুঝি রোজিনা ইসলামের মূল ‘অপরাধ’ ভিন্ন। তিনি চলমান অতিমারির মধ্যে ধারাবাহিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করেছেন। তাই তাকে ‘বাগে পেয়ে’ শাস্তি দিচ্ছে উন্মোচিত মুখের ঐক্যবদ্ধ দল। রাজনৈতিক নির্বাহী ও আমলাতন্ত্রের মধ্যে ঐক্য লক্ষ করা যাচ্ছে। কারণ স্বাস্থ্যবিপর্যয়ের মধ্যে স্বাস্থ্যসংক্রান্ত দুর্নীতিতেও উভয় পক্ষের যোগসাজশ রয়েছে। রোজিনার প্রতিবেদনে তাই উঠে এসেছে।”
রোজিনার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “রোজিনা ইসলামের ‘অপরাধ’, তিনি ব্রিটিশ আমলের দাপ্তরিক গোপনীয়তা আইন ১৯২৩ ভঙ্গ করে, অনুমতি ছাড়া, দাপ্তরিক তথ্য সংগ্রহ করেছেন। অন্যদিকে বাংলাদেশে রয়েছে তথ্য অধিকার আইন ২০০৯। এই আইন অনুসারে এসব দাপ্তরিক তথ্য পাবার অধিকার কেবল সাংবাদিকের কেন, যেকোনো নাগরিকেরই রয়েছে।
“এক্ষেত্রে দেখা যাচ্ছে, মন্ত্রণালয় অধুনা আইনের পরিবর্তে ঔপনিবেশিক আইনকে প্রণিধানযোগ্য ভাবছে। এই আইনকে সাক্ষী মেনে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা লিখিত হয়েছে। সরকার ও তার আমলাতন্ত্র গণতান্ত্রিক মানসকিতা ছুঁড়ে ফেলে ঔপনিবেশিক মানসিকতাকে শিরোধার্য করেছে।”
