বনানীতে ভবনে অগ্নিকাণ্ড
ঢাকার বনানীতে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে একটি অফিস পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল সিকদার জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বনানী ১১ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার বিগ্রেডের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ভবনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসের ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। সেটা আমরা নিয়ন্ত্রণে এনেছি।”
তবে আগুন কীভাবে লেগেছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
