করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসককে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা
কোভিড-১৯ রোগীদের সেবা দিতে গিয়ে নিজেও আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ চিকিৎসক এফতেখাইরুল ইসলামকে ৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসুস্থ চিকিৎসক এফতেখাইরুল ইসলামের স্ত্রী মাহমুদা আক্তারের কাছে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিবুল হাসান (সুমন)।
৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এফতেখাইরুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সরাসরি চিকিৎসায় নিয়োজিত ছিলেন।
সেবা দিতে গিয়ে আক্রান্ত এই চিকিৎসক গত ৭ এপ্রিল থেকে জটিল স্নায়ুরোগে ভুগছেন। ১২ এপ্রিল হতে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানান ইমরুল কায়েস।
