২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরমানিটোলা অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর আরমানিটোলার রাসায়নিককের গুদামে লাগা আগুনে দগ্ধ চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2021, 09:11 AM

Updated : 02 Aug 2022, 05:43 PM

বুধবার রাত সাড়ে ১১টার দিকে আইসিইউতে আশিকুজ্জামানের (৩২) মৃত্যু হয় বলে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান।

তাকে নিয়ে এঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হলো। ২৫ এপ্রিল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফায়াত হোসেন (৩৫)।

পার্থ শংকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশিকুজ্জামানের স্ত্রী ইসরাত জাহান মুনা (২৮) এখনও আইসিইউতে ভর্তি।

গত বৃহস্পতিবার ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস একে একে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। চতুর্থ তলার মেঝে থেকে অচেতন অবস্থায় সুমাইয়া আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু

আরমানিটোলায় অগ্নিকাণ্ড: দুই গুদাম মালিক গ্রেপ্তার

অগ্নিকাণ্ডে নিহত বাকি তিনজন হলেন- রাসেল, ওয়ালিউল্লাহ বেপারী ও কবির হোসেন।

ছয়তলা ভবনটিতে নিচতলায় দোকান ও রাসায়নিক গুদাম ছিল বলে এলাকাবাসী জানায়। তবে বাকি তলায় বিভিন্ন পরিবার বসবাস করত।

এঘটনায় পুলিশ বাদী হয়ে ভবন ও গুদাম মালিককে আসামি করে বংশাল থানায় মামলা করেছে।

এ ঘটনায় ইতিমধ্যে দুজন রাসায়নিক গুদাম মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।