গরমে স্বস্তি? আরো অপেক্ষা
দেশজুড়ে তাপদাহে ঘরে কিংবা বাইরে সবখানেই কাতর সবাই। তপ্তদুপুরে গরমের তীব্রতায় নাগরিক জীবনের এমন হাঁসফাঁস অবস্থার মধ্যে আবহাওয়া অফিস জানাচ্ছে, স্বস্তির সুসংবাদ পেতে আরো অপেক্ষা করতে হবে।
সোমবার সকাল থেকেই বইছে গরম হাওয়া। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতাও।
তবে আগের কয়েক দিনের চেয়ে তা একটু বেশি অসহনীয় ঠেকলেও আবহাওয়া অফিস বলছে, রোববারের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে।
জ্যেষ্ঠ আহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, তাপমাত্রা তুলনামুলকভাবে কমলেও বৃষ্টি না থাকায় অসহনীয় এমন গরম হাওয়া বয়ে যাচ্ছে।
মাসের শেষ দিকে বৃষ্টির আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
সোমবারও ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিন যশোরে সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বৈশাখের প্রচণ্ড তাপদাহে অতীষ্ট প্রাণীকূল। সোমবার দুপুরে শীতল পরশ পেতে তাই চৌবাচ্চায় নেমেছে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ। ছবি: সুমন বাবু
থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
তাপপ্রবাহের এমন পরিস্থিতিতে গরমে ঘরে থাকাও যেন কঠিন হয়ে পড়েছে। সে কারণে সোমবার সূর্য যখন ঠিক মাথার উপর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদল দামাল ছেলে পুকুরে ঝাঁপ দিয়ে শরীর জুড়িয়ে নেয়।
তাদেরই একজন রফিক জানায়, এমন গরমে ঘরে টিকতে না পেরে পুকুরে এসে নেমেছে তারা। গত কয়েকদিন সকাল থেকেই যেন বাতাস নয়, আগুনের গোলার তাপ এসে গায়ে লাগছে। বেলা বাড়লে গরম আরও বেশি লাগে। বন্ধুদের নিয়ে পানিতে ঝাঁপাঝাঁপিতে কিছুটা আরাম বোধ হয় বলে জানায় সে।
শুধু মানুষ নয়, তীব্র গরমে প্রাণিরাও একটু প্রশান্তির আশায় পানিতে নামছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘও নেমে পড়েছে চৌবাচ্চায়।
পশ্চিম ধানমন্ডির বাসিন্দা ৫০ বছর বয়সী নেসার বলেন, “গরমে তো টিকতে পারছি না। সকাল–সন্ধ্যা পানির ঝাপটা দিয়ে শরীর ঠান্ডা করছি। রাতেও দেখি গরমের তেজ কমে না।“
গত কয়েক বছরে এমন গরমের দেখা পাননি বলে জানান তিনি।
বৈশাখের প্রচণ্ড খরতাপে শীতল পরশ পেতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুরা নেমেছে পুকুরে। ছবি: আসিফ মাহমুদ অভি
২০১৪ সালের পর ঢাকাসহ দেশের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে; যশোরে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
এমন পরিস্থিতিতে সাম্প্রতিককালের সবচেয়ে উষ্ণ সময় পার হচ্ছে। টানা কয়েকদিনের খরতাপে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।
তীব্র গরমে শুধু দুপুরে নয়, রাতেও স্বস্তি পাচ্ছেন না নগরবাসী। কোথাও কোথাও বেড়েছে ডায়রিয়ার প্রকোপও।
আবহাওয়াবিদরা বলেন, “বৃষ্টি না থাকায় সহসা গরম কমার সুখবর নেই। এমন দাবদাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকবে। তবে সপ্তাহান্তে বজ্রবৃষ্টির আভাস রয়েছে। বৃহস্পতিবার-শুক্রবারের দিকে বৃষ্টি হতে পারে। এসময় তাপমাত্রা ১-৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।”
রোববারের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় ঢাকায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুর ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুর ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, খুলনা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, মংলা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, কুমারখালী ৪০ ডিগ্রি সেলসিয়াস, খেপুপাড়া ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, সীতাকুন্ডু ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
