২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: কাদের

চলমান ‘লকডাউনের পর’ জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ‘শর্তসাপেক্ষে’ সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2021, 04:24 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

শনিবার বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, "লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।“

কঠোর বিধিনিষেধের মধ্যে গণপরিবহন বন্ধ থাকার পর তা আবার চালুর ‘সক্রিয়’ বিবেবচার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।"

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকার ৫ থেকে ১১ এপ্রিল একগুচ্ছ বিধিনিষেধের আওতায় লকডাউন দেয়। এরপর এর মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

পরে বিধিনিষেধ আরো কঠোর করে ১৪ এপ্রিল থেকে জরুরি কাজ ছাড়া বাইরে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা সর্বাত্মক লকডাউন হিসেবে পরিচিতি পেয়েছে।

এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়। এ সময় গণপরিবহনও বন্ধ রয়েছে।

শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২৮ এপ্রিলের পর থেকে লকডাউন শিথিল করার কথা বলেন। এরপর দিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহন চালুর কথা জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপপ্রচার’ চলছে উল্লেখ করে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতা করছে দেশের একটি রাজনৈতিক দল।

"অপপ্রচার আর গুজবের জন্য যাদেরকে শাস্তির আওতায় আনা হয়, তাদের ব্যপারে বিরোধীদল ডিজিটাল নিরাপত্তা আইনের বিরূপ সমালোচনা করে থাকে। সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা সরকারের অ্যাকশনের বাইরে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই।“

জনগণকে ডিজিটাল নিরাপত্তা দিতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, “গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে।"

প্রতিদিন বিরোধীদল সরকারের বিরুদ্ধে যা নয় তাই বলে, প্রধানমন্ত্রীকেও ছাড়ছেন না অশ্লীল ভাষায় গালিগালাজ করতে; কিন্তু সেখানে কারো বিরুদ্ধে কী এসব বক্তব্যের কোনো প্রকার হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে,” প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

পুরনো খবর:

লকডাউনের বিধিনিষেধ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত
বুধবার থেকে ‘লকডাউনে’ অফিস-পরিবহন বন্ধ
পণ্যের গাড়িতে যেন যাত্রী না ওঠে: কাদের