সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৬ সমঝোতা স্মারক
যুব উন্নয়ন, কৃষি, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে।
শনিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে বসে। সেই বৈঠক শেষে দুই দেশের পক্ষে সংশ্লিষ্টরা সমঝোতা স্মারকে (এমওএইউ) স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার একান্ত বৈঠকে শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ছবি: পিএমও
বাংলাদেশ আগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এবং শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ পলিসির (এসএলসিএআরপি) মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এবং শ্রীলঙ্কার পক্ষে বাটিক, হ্যান্ডলুম ফেব্রিক অ্যান্ড লোকাল অ্যাপারেল প্রোডাক্টস বিষয়ক প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা সই করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে শনিবার সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে স্বাগত জানান। ছবি: পিএমও
নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও শ্রীলঙ্কার পক্ষে মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ রিফর্মস বিষয়ক প্রতিমন্ত্রী আজিথ নিওয়ারড কাবরাল একটি সমঝোতা স্মারক সই করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার দ্বিপক্ষীয় বৈঠকে কারিগরি সহযোগিতা বিনিময়ে একটি সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী জিএল পিরিস। ছবি: পিএমও
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদলের সফর বিনিময়ে আরেকটি সমঝোতায় সই করেন সংস্কৃতি বিষয়ক সচিব এম বদরুল আরেফিন এবং শ্রীলংকার প্রধানমন্ত্রীর সচিব গামিনি সেদারা সেনারাথ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি গবেষণা বিষয়ে একটি সমঝোতা স্মারকে বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং শ্রীলঙ্কার বুটিক, হ্যান্ডলুম ফেব্রিক অ্যান্ড লোকাল অ্যাপারেল প্রোডাক্টস বিষয়ক প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা সই করেন। ছবি: পিএমও
শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ন ও গৃহ নির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফরে প্রধানমন্ত্রী রাজাপাকসের সঙ্গে রয়েছেন।
