ইয়াং গ্লোবাল লিডারদের তালিকায় মাশরাফি
সুইজারল্যান্ডভিত্তিক ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ এর ইয়াং গ্লোবাল লিডারদের ২০২১ সালের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এবার ১১২ জন তরুণকে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
সুইজারল্যান্ডভিত্তিক এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে আলো ছড়ানো ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের এই সম্মাননা দেয়।
এর আগে ২০১৬ সালে এয়াং গ্লোবার লিডার হিসেবে দক্ষিণ এশিয়া থেকে ১২ জনের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাঠের বাইরে নানা সামাজিক ও জনহিতকর কাজেও জড়িত।
বিশেষ করে নিজের জন্মস্থান নড়াইলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি দারিদ্র্য দূর করতে কাজ করছেন।
একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হওয়া মাশরাফি করোনাভাইরাস মহামারীর সময়ও দরিদ্রদের ঘরে খাবার পৌঁছানো এবং চিকিৎসার ব্যবস্থা করে আলোচনায় এসেছেন।
