২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিচারপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান, হাই কোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি এবং সাবেক আইন সচিব বিচারপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2021, 08:50 PM

Updated : 02 Aug 2022, 05:26 PM

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আব্দুল হাই। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের পর মো. আব্দুল হাই ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের সাবেক এই বিচারপতি দ্বিতীয়বারের মত বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন।