মুগদায় ছুরিকাঘাতে কিশোর খুন
ঢাকার মুগদায় একদল কিশোর-তরুণের দ্বন্দের জেরে ছুরিকাঘাতে একজনের প্রাণ গেছে।
নিহত মো. হাসান (১৬) একটি ছাপাখানায় কাজ করত। শুক্রবার সন্ধ্যায় মুগদার মাণ্ডায় ছুরিকাহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার ওসি প্রলয় সাহা বলেন, “একদল কিশোরের মারামারি হয়েছিল। সেখানেই এ ঘটনা ঘটে।”
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, কয়েকজন কিশোর হাসানকে হাসপাতালে আনে।
“তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তাদের মধ্যে বেলালই মারামারির সময় হাসানকে ছুরি মেরেছে। তখন বেলালকে আটক করা হয়। তার পিঠেও জখম রয়েছে। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য হাসানের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু।
