২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর মৃত্যুর পরদিনই ‘১ কোটি ৪০ লাখ’ টাকা তুলেছেন তিনি

কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের প্রয়াত ভাই মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আনজু কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, স্বামীর মৃত্যুর পরদিন ‘তথ্য গোপন করে’ তার অ্যাকাউন্ট থেকে এক কোটি ৪০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2021, 08:43 PM

Updated : 02 Aug 2022, 05:24 PM

ভারতের নাগরিক আনজু কাপুর (৫৪) পেশায় একজন পোশাক ব্যবসায়ী, আরিয়ানা স্টাইলস লিমিটেড নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তিনি। বলিউডের তরুণ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ধীরাজ কাপুর তার ছোট ভাই।

Image
আনজু কাপুর

আনজু কাপুর

গত ১০ অক্টোবর বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন জগলুল ওয়াহিদের মৃত্যুর পর গুলশানে তার ১০ কাঠা প্লটের উপরের বাড়িতে উঠতে গিয়ে বাধা পান প্রথম পক্ষের দুই মেয়ে। খবরটি দেখে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দিলে পুলিশ গিয়ে তাদের ওই বাড়িতে তুলে দেয়।

দেড় দশক আগে জগলুলকে বিয়ে করার পর ওই বাড়িতে থাকতেন আনজু কাপুর। জগলুল ওয়াহিদ তার সম্পত্তির এক-তৃতীয়াংশ তাকে উইল করে গেছেন বলে দাবি করেছেন তিনি।

অন্য উত্তরাধিকারদের না জানিয়ে জগলুলের অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে মঙ্গলবার ভোরে আনজুকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার খালিদুল হক হাওলাদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “আনজু কাপুর তার স্বামী মোস্তফা জগলুল ওয়াহিদের বাসায় পরিচারিকা হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তারা বিয়ে করেন।

“মোস্তফা জগলুল ওয়াহিদ গত ১০ অক্টোবর মারা যান। তার পরদিন ১১ অক্টোবর আনজু কাপুর তার স্বামীর মৃত্যুর বিষয়টি গোপন করে পরিবারের অন্যান্য অংশীদারকে না জানিয়ে ওয়াহিদের নামে সিটি ব্যাংকের গুলশান শাখা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।”

বিষয়টি টের পেয়ে জগলুল ওয়াহিদের প্রথম পক্ষের সন্তান মুশফিকা মোস্তাফা গত ২০ অক্টোবর আনজু কাপুরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

আনজু কাপুরকে মঙ্গলবারই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল সিআইডি।

বিশেষ পুলিশ সুপার খালিদুল জানান, এদিন আংশিক শুনানি নিয়ে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। পরবর্তীতে রিমান্ড আবেদনের বিষয়ে আরও শুনানি নিয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।