গ্রন্থাগার নিতে হবে প্রত্যন্ত অঞ্চলেও: তাজুল
এ যুগে অনলাইনে হাতের মুঠোয় অনেক বই পাওয়া গেলেও মানুষকে সমৃদ্ধ করতে এবং পাঠাভ্যাস বাড়াতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও গ্রন্থাগারের সম্প্রসারণ দরকার বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেছেন, "অ্যাকচুয়াল যুগ হোক আর ভার্চুয়াল যুগ হোক, উভয় ক্ষেত্রেই গ্রন্থাগার লাগবে। পড়ার জন্য একটা পরিবেশ লাগে, মন- মানসিকতা লাগে। আর সেই পরিবেশ পাওয়া যায় গ্রন্থাগারে। দেশে গ্রন্থাগারের অনেক সম্প্রসারণ হয়েছে, সেটা প্রত্যন্ত অঞ্চলে সম্প্রসারণ করতে হবে।"
শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় গ্রন্থাগার অধিদপ্তর মিলনায়তনে চতুর্থ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলছিলেন তাজুল ইসলাম।
'মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার' প্রতিপাদ্যে বিকালে গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে গ্রন্থাগার দিবসের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
“এককালে বিধ্বংসী মারণাস্ত্র শক্তি মাত্রার সূচক ছিল, কিন্তু আজ যে কোনো বিবেকবান মানুষ শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে জ্ঞান-বিজ্ঞানের প্রসারতাকেই বিবেচনা করে। এই জ্ঞান-বিজ্ঞানের অন্যতম বাহন হল গ্রন্থাগার।"
হাবিবুল্লাহ সিরাজী বলেন, "আজ দেশের তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে। দেশের তরুণদের এসব থেকে দূরে রাখতে গ্রন্থাগারের বিকল্প নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর লেখা বইগুলো মনোযোগের সাথে পড়লে দেখা যায়, তিনি কীভাবে কারাগারকে গ্রন্থাগার হিসেবে গড়ে তুলেছিলেন।"
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো.আবুবকর সিদ্দিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
