ভোরের কাগজের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু
দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন।
শুক্রবার সকালে বুকে হঠাৎ তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে খিলগাঁওয়ের বাসা থেকে মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক এন রায় রাজা বলেন, “ডাক্তাররা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই হিলালীর মৃত্যু হয়েছে।”
হিলালী ওয়াদুদ চৌধুরী
সাব এডিটরস কাউন্সিলের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হিলালী। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়েন।
জাতীয় প্রেসক্লাবের সামনে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজায় অংশ নেন তার সহকর্মীরা
হিলালী ওয়াদুদ চৌধুরী স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মেয়ে আইডিয়াল স্কুলের মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
