২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশগামী শ্রমিকদের কোভিড-১৯ পরীক্ষার ফি ৩০০ টাকা

সরকারি ল্যাবগুলোতে বিদেশ গমনেচ্ছু স্মার্ট কার্ডধারী শ্রমিকদের কোভিড-১৯ মুক্ত সনদ দিতে নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2020, 11:10 PM

Updated : 18 Aug 2022, 04:18 PM

এর আগে বিদেশে যাওয়ার আগে নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকারি ফি ১ হাজার ৫০০ টাকা দিতে হত। এই ফি সবার জন্য প্রযোজ্য ছিল।

তবে শুধু স্মার্ট কার্ডধারী শ্রমিকদের জন্য এ ফি কমিয়ে গত ২৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব বিলকিস বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি এক হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা পুনর্র্নিধারণ করা হল। শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এই ইউজার ফি নেওয়া হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

বিদেশগামীদের কোভিড-১৯ পরীক্ষায় আরও ২১ ল্যাব

বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা শুরু হয় গত ২০ জুলাই।

সে সময় বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষা শুরুর পর ৩৫০০ টাকা করে ফি নেওয়া হচ্ছিল। ২৪ অগাস্ট সরকার সেই ফি কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে। এবার প্রবাসী কর্মীদের জন্য এক লাফে ফি কমনো হল ১২০০ টাক।

শুরুতে শুধু সরকারি প্রতিষ্ঠানেই বিদেশগামী ব্যক্তিদের করোনাভাইরাস পরীক্ষা করা হত। ২০ অক্টোবর সরকার ১০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন দেয়। এসব প্রতিষ্ঠান নমুনা পরীক্ষার জন্য ফি নিত ৩৫০০ টাকা করে।

২৪ ডিসেম্বর সরকার আরও ২১টি প্রতিষ্ঠানকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমোদন দেয়। একইসঙ্গে নমুনা পরীক্ষার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা করা হয়।