চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দাবিতে শাহবাগ অবরোধ
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন।
সোমবার বেলা পৌনে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড়ের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মী।
এ সময় শাহবাগ থেকে পল্টন, কাঁটাবন, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী মূল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে সকাল ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সাত দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
তাদের দাবিগুলো হল- চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ণ, মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন।
তিনি বলেন, “জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা আজকে কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি আদায় না হলে আগামী ২৩ ফেব্রুয়ারি আবারও শাহবাগ অবরোধ করা হবে। সেদিন শাহবাগে কোনো গাড়ি চলবে না।”
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা শাখার নেতা-কমীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
