বড়দিনে ২২৪ প্রতিষ্ঠানকে ১ কোটি ১৫ লাখ টাকা অনুদান
খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সারা দেশের ২২৪টি ধর্মীয় প্রতিষ্ঠানকে এক কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা দিচ্ছে সরকার।
বুধবার ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বড়দিন উপলক্ষে এক কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা ২২৪টি প্রতিষ্ঠানে দেওয়া হবে। পাশাপাশি খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে ২২ লাখ টাকা ৩০টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।
অনুদানের অর্থ ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভা থেকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে বড়দিনের উৎসব পালনের আহ্বান জানানো হয়।
