হাই কোর্টে গিয়ে দুর্নীতির দুই মামলার বিচারকাজ আটকাল দুদক
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলার পরবর্তী বিচারকাজ দুদকের আবেদনেই তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
সেই সঙ্গে মামলা দুটি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত থেকে এখতিয়ারভুক্ত সমমানের যে কোনো আদালতে স্থানান্তরের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত।
আদালতে দুদকের আবেদনে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
আইনজীবী খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রীয় একটি সংস্থাকে অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য আবেদন করতে হল হাই কোর্টে। এটি একইসঙ্গে নজিরবিহীন ও দুঃখজনক।”
মামলা দুটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানান দুদকের এ আইনজীবী।
আবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক না থাকায় চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা মামলা দুটিতে কমিশনের পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ না করেই গত ১ নভেম্বর সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত ঘোষণা করা হয়। পরদিন অর্থাৎ ২ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষার জন্য রাখা হয়।
তার পরদিন দুদকের পক্ষ থেকে সময়ের আবেদন করলে তা না মঞ্জুর করে বিচারক মো. ইসমাইল হোসেন মামলাটির যুক্তিতর্কের জন্য ১০ জানুয়ারি তারিখ রাখেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “কমিশন পক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপনের সুযোগ না দিয়ে রায় দেওয়া হলে মামলার ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় এবং তার সুবিধা আসামিপক্ষ পাবে।”
কালুরঘাট রোড উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ১ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৫ ও ৬ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও থানায় ২২টি মামলা করে দুদক।
মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ২৫ জন প্রকৌশলী ও ২২ ঠিকাদার মিলিয়ে ৪৭ জনকে আসামি করা হয়।
পরে ২০১১ সালের ২০ মে চট্টগ্রামের মূখ্য মহানগর হাকিম আদালতে ২২টি মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলায় ৪৭ জনকে আসামি করা হলেও ছয়জনের সংশ্লিষ্টতা না পাওয়ায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এজাহারে ২২ মামলার সবকটিতে সিডিএ’র সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, এম এ এন হাবিবুর রহমান, মোহাম্মদ মনজুর হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন ভূঁইয়া, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান, রাজীব দাশ, মোহাম্মদ ইলিয়াস, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওসমান শিকদার, মোহাম্মদ হামিদুল হক, এস্টিমেটর সৈয়দ গোলাম সরোয়ার ও রুপম কুমার চৌধুরীকে আসামি করা হয়।
সেই ২২টি মামলার দুটি মামলা (মামলা নং৩৩/২০১২ ও ৩৭/২০১২) স্থানান্তর চেয়ে হাই কোর্টে আসে দুদক।
