আইনি লড়াই চালিয়ে চাকরি পেলেন বিউটি
দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রাথমিক বিদ্যালয়েরর সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম।
গত ১০ ডিসেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়, যা কার্যকর হবে ২০১৭ সালের ৩ অগাস্ট থেকে।
সোমবার আপিল বিভাগে হাজির হয়ে আদালতের আদেশ বাস্তবায়নের (বিউটি বেগমের নিয়োগের তথ্য) কথা লিখিতভাবে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকসহ ৫ কর্মকর্তা।
এরপর বিচারপতি মোহাম্মদ ইমান আলী নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদালত অবমাননার আবেদনটি নিষ্পত্তি করে দেয়।
আদালতের আদেশ অনুয়ায়ী বিউটি বেগমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তৎকালীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (বর্তমান প্রতিরক্ষা সচিব) ড. আবু হেনা মো. মোস্তফা কামালসহ ৫ জনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালতে বিউটি বেগমের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এ বি এম আলতাফ সাংবাদিকদের বলেন, গত ১০ ডিসেম্বর গাইবান্ধা সদর উপজেলার সরকারতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে বিউটি বেগম নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিষয়টি শিক্ষা অধিপ্তরের কর্মকর্তারা আপিল বিভাগকে অবহিত করেছেন। এছাড়া এতদিন আদালতের আদেশ পালন না করায় তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আপিল বিভাগ আদালত অবমাননার আবেদন নিস্পত্তি করে দিয়েছে।
অন্য যে চারজনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে, তারা হলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক রমজান আলী,গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও গাইবান্ধার সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম।
এর আগে গত ৭ ডিসেম্বর আদালতের আদেশ প্রতিপালন না করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালসহ ৫ জনকে তলব করে আপিল বিভাগ।
আদেশ অনুযায়ী সোমবার সকালে তারা হাজির হন। এ পাঁচজন ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম আদালতে উপস্থিত ছিলেন।
২০০৮ সালে গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নিয়োগ না পেয়ে বিউটি বেগম গাইবান্ধার সহকারি জজ আদালতে মামলা করেন। মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়।
পরবর্তীতে জেলা জজ এবং হাই কোর্টেও আদেশ বহাল থাকে। এর বিরুদ্ধে আপিলের পর দেশের সর্বোচ্চ আদালত ২০১৭ সালের ৩ আগস্ট ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়।
ওই আদেশের পরেও বিউটি বেগমকে নিয়োগ না দেওয়ায় আদালত অবমাননার আবেদন করেন বিউটি বেগম।
গত ২ মার্চ আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেও তারা রুলের জবাব দেননি। পরে বিষয়টি নজরে আনলে আপিল বিভাগ বিবাদীদের তলব করে।
