২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তরের ৩৬ ওয়ার্ডে হবে ‘মিনি ফায়ার স্টেশন’

ডেনমার্কের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে ‘মিনি ফায়ার স্টেশন’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 04:40 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

সচিবালয়ে রোববার ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রাপ পিটারসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ডেনমার্ক ঢাকায় প্রতিটি ওয়ার্ডে একটি করে মিনি ফায়ার স্টেশন স্থাপন করার আগ্রহ দেখিয়েছে।

“তাদের মিনি ফায়ার স্টেশন আছে। এটার মূল্য, উপযোগিতা, যাওয়া-আসার জন্য যে সমস্ত সুবিধা তা বিবেচনা করে তারা অফার করেছে যে সেগুলো যদি আমাদের প্রতিটি ওয়ার্ডে স্থাপন করতে পারি তাহলে মোটর সাইকেলে করেও কোথাও কোথাও গিয়ে অগ্নিনির্বাপণ করা সম্ভব। এজন্য আমি এটাতে ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছি।”

উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে প্রাথমিকভাবে মিনি ফায়ার স্টেশন করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তাজুল বলেন, এজন্য একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

“সমঝোতা অনুযায়ী তারা (ডেনমার্ক) বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। আর যে মিনি ফায়ার স্টেশন স্থাপিত হবে সেজন্য তারা ৮৫ শতাংশ ঋণ দেবে।”

কবে নাগাদ এসব ফায়ার স্টেশন স্থাপন করা হবে সেই সময়সীমা নির্ধারণ না হলেও শিগগিরই তা বাস্তবায়নের আশা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

ফায়ার হাইড্রেন্ট বসানো নিয়ে এক প্রশ্নে তাজুল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন অবকাঠামো নির্মাণের অনুমোদন দেবে তখনই এসব স্থাপন করা হবে।

“সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ডেনমার্কের বিনিয়োগ ছিল। পদ্মা যশোলদিয়া পানি উৎপাদন কেন্দ্র থেকে পানি বিতরণের ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা প্রক্রিয়ায় আছে।

“তারা আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে গ্রিন এনার্জি এবং ওয়েস্ট এনার্জি খাতে বিনিয়োগের। আমরা তাদের অভিনন্দন জানিয়েছি, সুনির্দিষ্টভাবে অফার দিলে আমরা কাজ করব।”

মন্ত্রী জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে উত্তর সিটির জন্য অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি এবং গাজীপুরের জন্য বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামও এগিয়ে এসেছে।

বর্জ্য বিদ্যুৎ উৎপাদনে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, “যাদের দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষিত হবে তারা কাজ করতে পারবে।”