আয়াজ হত্যা: ৫ জনের যাবজ্জীবন, একজনের আমৃত্যু সাজা
ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ৬ বছর আগে ঢাকার সরকারি ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হককে হত্যার ঘটনায় ঢাকা সিটি কলেজের এক ছাত্রকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
ঢাকার সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল আয়াজ হক
আর তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যানকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ আদালতের পেশকার মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের মধ্যে কারাগারে থাকা জিসান ও তৌহিদকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। বাকিদের পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে। তারা সবাই ধানমণ্ডির ঢাকা সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ও খরচ বাবদ টাকা তোলা নিয়ে আয়াজের বড় ভাই ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশদিন হকের সঙ্গে আসামিদের কথাকাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ওইদিন বিকালে জিগাতলা যাত্রী ছাউনির কাছে আয়াজকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে আসামিরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় আয়াজের বাবা আইনজীবী শহীদুল হক ধানমণ্ডি থানায় মামলা করেন। সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছয় ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয় সেখানে।
তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ মে ধানমণ্ডি থানার এসআই সাহিদুল বিশ্বাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছর ২৪ নভেম্বর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
অভিযোগপত্রের ৪৭ জনকে সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১৬ জনের সাক্ষ্য শুনে বিচারক বৃহস্পতিবার ছয়জনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করলেন।
