মামুনুলের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা নিয়ে থানায় যেতে বলেছে আদালত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার আর্জি ফিরিয়ে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৮ এবং ৩১ ধারায় অভিযোগ এনে মামলার আবেদন করেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।
পরে বিচারক আসসামছ জগলুল হোসেন বাদীর বক্তব্য শুনে থানায় মামলা দায়ের করার পরামর্শ দিয়ে আরজি ফিরিয়ে দেন।
মামলার আর্জিতে বলা হয়, গত ১৩ নভেম্বর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মামুনুল হক বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেওয়া হবে না। প্রয়োজনে লাশের পর লাশ পড়বে। আবার শাপলা চত্বর হবে।”
সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। মামুনুল হকের বক্তব্যের পর একটি শ্রেণি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে অভিযোগে উল্লেখ করেন বাদী।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায় বক্তব্য দেওয়ায় ঢাকার প্রথম ‘রাষ্ট্রদ্রোহের’ দু’টি মামলা হয় গত সোমবার; ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে।
এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মামলায় মামুনুলের সঙ্গে আসামি হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম।
আর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেকের করা মামলায় আসামি শুধু মামুনুল হক, যিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবও।
রাষ্ট্রদ্রোহের মামলা দু’টি তদন্ত করছে পিবিআই।
এরপর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বুধবার একই রকম বিষয় নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানি ও হুমকির মামলার আবেদন করেছেন, যার এখনও আদেশ পাওয়া যায়নি।
এই মামলার আবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুনাইদ বাবুনগরী, সৈয়দ সৈয়দ ফয়জুল করিম ও মামুনুল হককেও আসামি করা হয়েছে।
