২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম প্রধানের এক মামলার অভিযোগপত্র দুদকে অনুমোদন

অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ কোটি টাকা থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগে এক মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 10:50 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

মঙ্গলবার কমিশনের এক সভায় তা অনুমোদন করা হয়েছে বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, “শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।”

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, “সেলিম প্রধান ৪৭ লাখ ৪৬ হাজার টাকার অবৈধ স্থাবর এবং ৫৭ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ২৮৮ টাকার অবৈধ অস্থাবর সম্পদসহ মোট ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যা তার আয়ের সাথে সংগতি বিহীন জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ মর্মে তদন্তে প্রতিষ্ঠিত।

“এই অবৈধ সম্পদ থেকে ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা সেলিম প্রধান থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচার করে অবৈধ আয়ের উৎস গোপন করেছেন।”

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এই মামলার তদন্ত করেন। এতে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

অবৈধ কারবারের মাধ্যমে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপরই তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

সেখান থেকে সাতটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া জব্দ করার পাশাপাশি সেলিমের কর্মচারী আক্তারুজ্জামান ও রোকনকে গ্রেপ্তার করা হয়। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ওই দিনই সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যারা রীতিমত ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।

পুরনো খবর:

থাইল্যান্ডে সেলিম প্রধানের ‘৭ কোম্পানি’
থাইল্যান্ডে ক্যাসিনো সেলিমের ‘১৩ কোটি টাকা পাচার’