২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল শিশু সামিউল হত্যা মামলার রায়

এক দশক আগে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে পাঁচ বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যার মামলায় রায় হয়নি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 04:40 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

মঙ্গলবার রায় ঘোষণার দিন ছিল ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক ২০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন বিচারক শেখ নাজমুল আলম।

গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই বিচারক রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন।

শিশু সামিউল হত্যার রায় হচ্ছে ১০ বছর পর

সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন

মায়ের ‘পরকীয়া’র জেরে ২০১০ সালের ২৩ জুন রাতে আদাবরে নিজেদের বাসায় সামিউল খুন হয় বলে মামলার বিবরণে বলা হয়। নবোদয় হাউজিংয়ের গ্রিনউড ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়ামে প্লে গ্রুপের ছাত্র ছিল সামিউল।

এ ঘটনায় সামিউলের মা আয়েশা হুমায়রা এশা (২৫) এবং তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুকে (৩৮) আসামি করে আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করেন সামিউলের বাবা কে আর আজম।

দুই আসামিকেই গ্রেপ্তার করেছিল পুলিশ। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন তারা।

২০১৪ সালে হাই কোর্ট থেকে জামিনে বেরিয়ে বাক্কু মামলা চালানো বন্ধ না করলে ছেলের মতো তাকেও মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিলেন জানিয়ে থানায় জিডি করেছিলেন কে আর আজম। ওই বছরই নিজেই আদালতে আবেদন করে স্ত্রীর জামিন করিয়েছিলেন আজম, পরে কিছুদিন ওই স্ত্রীর সঙ্গে ঘরও পেতেছিলেন তিনি।

সামিউল হত্যা: মা ও প্রেমিকের বিরুদ্ধে অভিযোগপত্র

শিশু সামিউল হত্যা মামলায় বাদীকে হুমকির অভিযোগ  

সে সময় কিডনিতে সমস্যার কথা জানিয়ে স্ত্রীর জামিন করানো আজম মামলার বিচার প্রক্রিয়া চলার মধ্যেই মারা গেছেন। মারা যাওয়ার আগে ২০১৫ সালের নভেম্বরে মামলার গতিপ্রকৃতি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

মামলার বিবরণে বলা হয়, এশার সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ক দেখে ফেলায় সামিউলকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করেন বাক্কু। এরপর আদাবরে নবোদয় হাউজিংয়ে সামিউলদের বাসার পাশে তার লাশ বস্তায় ভরে ফেলে রাখা হয়।

২০১১ সালের ২৫ অক্টোবর তদন্ত কর্মকর্তা আদাবর থানার ওসি কাজী শাহান হক এ মামলায় বাক্কু ও এশার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পরের বছর ১ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর সাতদিনের মাথায় আদালতে বাদী আজমের জবানবন্দি ও জেরা গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার বিচার চলাকালে মোট ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়।