২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য পদক দিতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বছর থেকেই দেওয়া হবে পদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 04:13 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিককে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেসিলেন্স’ নামের এই পদক দেওয়া হবে।

প্রথমবারের এই পদক পেতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি।

এ বছর বিজয় দিবসে এই পদক ঘোষণা করা হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তা হস্তান্তর করা হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।

তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেবে। কূটনীতিক ক্ষেত্রে অবদানের জন্য এটি দেওয়া হবে। বিদেশিদের ক্ষেত্রে দেখা হবে বাংলাদেশের জন্য তার অবদান কী। এখানে কাজ করার পর অ্যাওয়ার্ড দিলে পরবর্তীতে তিনি বাংলাদেশের জন্য কাজ করতে উৎসাহ পাবেন।”

ইউএইর সাবেক রাষ্ট্রদূতকে পদক দেওয়ার বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, “তার সময়ে বাংলাদেশে তিনটি অর্থনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে। তার কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী তিনবার সফর করেছেন। এখানে তার ভূমিকা ছিল।”

দুই ভরি সোনার একটি পদক এবং একটি সাইটেশন তাদের দেওয়া হবে বলে জানান তিনি।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন।