২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিতায় বাঁধা গান অচেনা এখন

‘সে যেন আমার পাশে আজও বসে আছে/চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে’ কিশোর কুমারের কণ্ঠের এই গান যেমন শোনা যেত পাড়া-মহল্লা-গ্রামের ঘরে ঘরে, তেমনি ব্যান্ড দল নগরবাউলের ‘দুঃখিনী দুঃখ করো না’ উচ্চারিত হত সারা দেশের তরুণ-যুবাদের মুখে মুখে।

নিজস্ব প্রতিবেদক

মেহেরুন নাহার মেঘলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 02:17 AM

Updated : 10 Oct 2022, 07:38 PM

দশকের পর দশক এভাবে শহর থেকে অজপাড়াগাঁয়ে গান ছড়িয়ে পড়ার বড় মাধ্যম ছিল অডিও ক্যাসেট; গানের মধ্য দিয়ে মনের কথা জানান দিতে তরুণ-তরুণীদের পরস্পরকে উপহারের উপকরণও ছিল তা। কালের বিবর্তনে সেই ক্যাসেট এখন বিলুপ্তির পথে।

কম্পিউটারের সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে অডিও ক্যাসেটের জায়গায় চলে আসে সিডি, এরপর তথ্যপ্রযুক্তির আরও অগ্রগতিতে এখন ইউটিউবের মতো ডিজিটাল মাধ্যম হয়ে উঠেছে গান শোনা ও প্রকাশের প্ল্যাটফর্ম। 

এর ফলে নতুন প্রজন্মের কাছে অচেনা হয়ে উঠছে দশক আগেও সঙ্গীত আয়োজনের সবচেয়ে বড় মাধ্যমে অডিও ক্যাসেট। এর প্রমাণ মেলে ঢাকার দুই স্কুল ও কলেজ শিক্ষার্থী ভাই-বোনের কথায়।  

ছয় বছর বয়সী রিমঝিম দত্ত গান শুনতে ভালোবাসে। বেশ কয়েকটি ছড়া গান এবং আধুনিক বাংলা গান তার মুখস্ত। সময় পেলেই ইউটিউবে মায়ের সাথে গান শোনে সে।

রিমঝিমের বড় ভাই রাতুল প্রীতম দত্ত একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাতুলও ভালোবাসে গান শুনতে। সময় পেলে হেডফোন কানে গুঁজে মোবাইলে গান শোনে এই কিশোর।

রিমঝিম ও রাতুল দুইজনই কখনও অডিও ক্যাসেটে গান শোনেনি, টার্নটেবল কিংবা গ্রামোফোন রেকর্ড কখনও দেখেনি।

রাতুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “যখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি তখন বাসায় ডিভিডি প্লেয়ার ছিল, গান শোনার পাশাপাশি সিনেমা দেখতাম। কিন্তু ক্যাসেট প্লেয়ার কিংবা রেকর্ডে কখনও গান শুনিনি। গ্রামোফোনের ব্যাপারে জানি। ইন্টারনেটে আর সিনেমায় দেখেছি।”

বাংলাদেশে স্বাধীনতার পরে লং প্লে রেকর্ড দিয়ে অডিও শিল্পের যাত্রা শুরু হয়েছিল। মূলত সিনেমার গান এবং ভারতীয় জনপ্রিয় শিল্পীদের রেকর্ডই বিক্রি হত সে সময়। গ্রামোফোন শৌখিন এবং বিত্তবানদের ঘরে শোভা পেত বলেই তখন এদেশে সেভাবে লং প্লে রেকর্ডের প্রকাশনা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। সত্তর দশকের শেষ প্রান্তে বিবর্তনের ধারায় আসে অডিও ক্যাসেট। আশি ও নব্বই দশকেই মূলত অডিও প্রকাশনা শিল্পের পর্যায়ে পৌঁছে যায়।

অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে কণ্ঠশিল্পীরা পেতে থাকেন তারকাখ্যাতি। নতুন শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালকের আগমন এবং একের পর এক নতুন প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। শুরুতে নকলের দাপট, এমপি থ্রি, সিডির আগ্রাসন কিছুটা দমিয়ে দেয় অডিও প্রকাশনার ধারা। এরপর স্বত্বাধিকারী ছাড়াই অনলাইনে যে যার মতো অন্যের গান বা অ্যালবাম প্রকাশ করতে থাকে। হতাশায় পড়ে যান প্রকাশকরা। সবশেষে আশার আলো নিয়ে আসে এই অনলাইনই। নিজ নিজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে গান প্রকাশনার সুযোগ পায় সবাই। কিন্তু সেখানে একক গান ও মিউজিক ভিডিও গুরুত্ব পেতে থাকে।

এই বিষয়টি গান নিয়ে সেই উন্মাদনা কমিয়ে দেওয়ার পেছনে ভূমিকা রাখছে বলে মনে করছেন বাংলাদেশের সঙ্গীত জগতের পরিচিত নাম প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গানের কোয়ালিটি আগের চেয়ে অনেক বদলেছে। আগে যেখানে একটা অ্যালবাম ধরে গান বের হত এবং তাতে ১০-১২টা গান একসাথে থাকত, এখন ডিজিটাল মাধ্যমে একবারে একটাই গান প্রচারিত হয়। এটা ব্যবধান গড়ে দিচ্ছে।”

এ বিষয়ে আরেক সঙ্গীত প্রকাশক জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত ম্যাগনেটিক টেপ কিংবা লং প্লে তে গানের আকার স্বাভাবিকভাবে আসল থাকে। মাস্টারিং করার পর সেই আকারটা এমনিতেই কমে আসে। সেখান থেকে যদি এমপি থ্রি করা হয়, সেটা আরও সংকুচিত হয়ে যায়। ফলে গানের যে ডেপথ থাকে সেটা কমে যায়। স্বাভাবিকভাবেই গানটির গুণগত মানে ঘাটতি দেখা দেয়।

“বর্তমানে গানের ডেপথ ধরে রাখার জন্য কোনো মাধ্যম অবশিষ্ট নেই। প্রযুক্তিগত আগ্রাসনে এখন আর গান তৈরি হয় না, এখন শুধু জিঙ্গেল তৈরি হয়। আর যে মাধ্যমগুলোতে আমরা এখন গান শুনি, যেমন মেমোরি কার্ড, ফোন, ইউটিউবে গান শোনার জন্য এটি উপযুক্ত না। কিন্তু আমাদের কাছে বিকল্প কোনো মাধ্যম না থাকায় আমরা বাধ্য হয়েই গান প্রযোজনায় ডিজিটাল মাধ্যমের সাহায্য নিচ্ছি। ইউটিউব চ্যানেল খুলছি।”

সাউন্ডটেক, জি-সিরিজ ছাড়াও লেজার ভিশন, গাঙচিল, সুরঞ্জলী, সঙ্গীতার মতো ঐতিহ্যবাহী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন অনলাইনকেই গান প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। তাদের রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল।

অডিও ক্যাসেট এবং পরবর্তীতে সিডির প্রযোজনা সংস্থা সংগীতার প্রধান নির্বাহী ইমরান রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টুডিও থেকে গানের রেকর্ড সংগ্রহ করে এক সময় ক্যাসেট তৈরি করে সারা দেশে সেগুলো বাজারজাত করতাম। এখন আগেকার সেই প্রযুক্তি টিকে নেই। ফলে বাধ্য হয়ে আমরাও গান ও অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে অনলাইন অর্থাৎ ডিজিটাল মাধ্যমকে বেছে নিয়েছি।”

গান প্রকাশ ও প্রচারের বর্তমান প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “প্রত্যেক শিল্পীরই এখন নিজস্ব রেকর্ডিং স্টুডিও আছে। সেখান থেকে গান রেকর্ড করে তারা আমাদের দেন। আবার গানগুলোর মিউজিক ভিডিও তৈরি করেন ভিডিও ডিরেকটররা। আমাদের ব্যানারে তৈরি হওয়া গানগুলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়।”

অডিও ক্যাসেটের একচ্ছত্র আধিপত্যের সময় বাংলাদেশের সঙ্গীত জগতে বেশ কয়েকজন কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটে। একের পর এক গানের অ্যালবাম বের হওয়ায় তাদের সঙ্গীতের ক্যারিয়ার ছিল তুঙ্গে। ব্যান্ডের গানের পাশাপাশি উন্মাদনা ছিল বেশ কয়েকজন সঙ্গীতশিল্পীকে ঘিরে। এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, মনির খান, কনক চাঁপা, আসিফ আকবরসহ অনেকের গানের অ্যালবাম তখন জায়গা দখল করে নেয় ঘরে ঘরে থাকা ক্যাসেট প্লেয়ারগুলোতে।

২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ শিরোনামে প্রকাশিত একটি অ্যালবাম দেশজুড়ে পরিচিতি এনে দেয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে। এই অ্যালবামের ‘টাইটেল সংয়ে’ বাজিমাত করেন তিনি, সে সময় ঢাকা শহরের অলি-গলি ও মোড়গুলোতে অডিও-সিডির দোকানগুলোতে তার এই গান বাজতে শোনা যায়।

গান প্রকাশের মাধ্যমের পরিবর্তন নিয়ে আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাসেটের ক্ষেত্রে যে উন্মাদনা ছিল শ্রোতার, এখন আর সেইটা নেই এবং তা বিরূপ প্রভাব ফেলছে শিল্পীদের উপর। আগে ভালো শিল্পীদের গানের যে কদর ছিল, এখনকার সময়ে সেটা আর নেই। সৈয়দ আবদুল হাদীর ‘চোখের নজর এমনি কইরা’ গানটি চির অমর গান হওয়া সত্ত্বেও অনলাইনে ভিউ এখন ৫০ হাজারের কাছাকাছি মাত্র৷ যেখানে অন্যান্য যে কোনো মানহীন গানের ভিউ আরও কয়েক গুণ বেশি।

“এছাড়া শিল্পীদের অর্থনৈতিক প্রাপ্তির ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে একজন শিল্পীর ১০ থেকে ১২টা গানের একটা অ্যালবাম বের হলে তা থেকে একটা নির্দিষ্ট অংকের টাকা আসত, ক্যাসেটের রিপ্রোডাকশন হত। ফলে শিল্পীরা অর্থনৈতিকভাবে লাভবান হত। কিন্তু এখন একই সময়ে একটা মাত্র গান অনলাইনে বের করা যায়।”

আসিফ বলেন, “সবচেয়ে বড় কথা হল ভার্চুয়াল মাধ্যমে রূপান্তরিত হওয়ার মতো যথেষ্ট স্মার্ট আমরা হইনি। আগে একটা কোম্পানির মাধ্যমে অ্যালবাম বের করা হলে একটা মানসম্পন্ন কাজ দিতে হত। আর এখন যার খুশি যখন খুশি গান গেয়ে ডিজটাল প্ল্যাটফর্মে প্রচার করছে, যার বেশিরভাগই মানহীন।”

তিনি বলেন, “আগেকার দিনের বড় বড় গানের স্টুডিওর বদলে শিল্পীদের হোম স্টুডিও চালু হওয়ায় শিল্পী এবং গানের পেছনে যারা শ্রম দিচ্ছেন তাদের মধ্যকার যোগাযোগটা কমে গেছে। আগে একসাথে আড্ডা দিয়েও অনেক কিছু শেখা যেত।

“ভালো গান হচ্ছে না, তা বলা যাবে না। কিন্তু যেই ঘরানার গানের দিকে শ্রোতার আগ্রহ বেশি দেখা যাচ্ছে সেগুলোর কারণে ভালো শিল্পীদের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেছে।”

দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পীদের মধ্যে একজন কুমার বিশ্বজিৎ। ক্যারিয়ারের একটা সময়ে শ্রোতাদের উপহার দিয়েছেন একের পর এক গান এবং গানের অ্যালবাম, যার রেশ এখনও রয়ে গেছে শ্রোতাদের মনে।

অ্যানালগ আর ডিজিটাল মাধ্যমের গানে উপলব্ধির জায়গায় পরিবর্তন এসেছে বলে মনে করেন কুমার বিশ্বজিৎ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে কান খোলা রেখে চোখ বন্ধ করে গান শুনতাম। তখন একটা উপলব্ধির জগতে সবার বিচরণ ছিল। একটা ভিডিও মনের মধ্যে আপনা থেকেই তৈরি হয়ে যেত, আর এখন সেটা আমাকে দেখতে হচ্ছে চোখ খুলে।

“কিছু বয়সের শ্রোতা আছেন, যারা অনলাইন জগত সম্পর্কে বিশেষ পরিচিত নন। তাদের ওই অভ্যাসটা কখনও ছিলও না, নতুন করে তৈরিও হয়নি। তাই ওই এক শ্রেণির শ্রোতারা জানেন না অনলাইনে কী গান বের হচ্ছে, কখন বের হচ্ছে।”

কুমার বিশ্বজিৎ বলেন, “আগে যে কারও মাধ্যমে বাসায় একটা গানের অ্যালবাম এলে সেটি পালাক্রমে বাসার সবার কাছে যেত। গানগুলো সবাই একসাথে শুনত। এখন যার যার ডিভাইসে হেডফোন দিয়ে গান শোনা হয়। ফলে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, “আগে গানের ক্যাসেট ছিল উপহারের একটা বড় উপকরণ৷ নিজেদের প্রিয়জনকে গানের ক্যাসেট উপহার দেওয়ার যে বিষয়টা এখন আর কোনোকিছুতেই সেই আবেদনটা খুঁজে পাওয়া যায় না।”

একটা সময় ছিল যখন ঈদ কিংবা যে কোনো উৎসব সামনে রেখে জমজমাট হয়ে উঠত অডিও বাজার। শহরের অডিও দোকানে ভিড় জমত নানা বয়সী লোকজনের। সেই সব দোকানের বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে, হাতে গোনা যে কয়টি আছে সেগুলোতেও লোকজনের বিচরণ তেমন নেই।

অনেক খোঁজাখুজির পর ঢাকায় চার-পাঁচটি অডিও ক্যাসেট এবং রেকর্ডিংয়ের দোকান পাওয়া যায়। অনেকটা স্মৃতির মায়া ও ভালোবাসা থেকে এই কাজে রয়ে গেছেন ওই ব্যবসায়ীরা। এক সময় এসব দোকানে বাজত বিভিন্ন শিল্পীর গান, জমে থাকত সঙ্গীতপ্রেমী-শ্রোতাদের ভিড়, এখন সেখানে দেখা যায় অবাক করা নীরবতা।

পুরান ঢাকার পাটুয়াটুলীতে পাওয়া গেল ‘গীতিকা রেকর্ডিং সেন্টার’। প্রায় ২৫ বছর আগের এই রেকর্ডিং ও অডিও ক্যাসেটের দোকানটি এখনও আগলে রেখেছেন সন্তোষ কুমার রায়। তার সংগ্রহে রয়েছে শত বছরের পুরনো গ্রামোফোন রেকর্ডের গান থেকে শুরু করে অসংখ্য অডিও ক্যাসেট ও সিডি। গানের প্রতি তীব্র নেশা ও মায়া থেকেই দোকানটি এখনও টিকিয়ে রেখেছেন বলে জানান তিনি।

সন্তোষ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যে কেউই ক্যাসেট প্লেয়ারে কিংবা রেকর্ডে গান শোনেন না, সেটি পুরোপুরি ঠিক না। আমার দোকানে এখনও কিছু পুরনো ক্রেতা আসেন, যারা এখনও একবারে প্রায় ৫০ হাজার টাকার রেকর্ড ও ক্যাসেট কেনেন। তাদের বেশিরভাগই শৌখিন শ্রেণির।

“একটা টার্নটেবল রেকর্ড কিংবা ক্যাসেট প্লেয়ারে গানের ডেপথ আর বর্তমানে অনলাইনে গানের ডেপথের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। আগে গান শুনলে মনে হত শিল্পী যেন আমার সামনে বসেই গান গাচ্ছে। যারা এই ডেপথে গান শুনে অভ্যস্ত তারা এখন অনলাইনে সেই আবেদনটা খুঁজে পান না বিধায় এখনও আমার এখানে আসেন।”

বর্তমান সময়ের গানগুলো শ্রোতার মনে বেশি দিনের জন্য জায়গা ধরে রাখতে পারে না বলে মনে করেন সন্তোষ কুমার।

তিনি বলেন, “গান একটা স্বস্তির বিষয়, শুনতে গিয়ে অস্বস্তি লাগলে সেটি শ্রোতার মনোযোগ ধরে রাখতে পারে না। এখনকার যে সব গান মানুষ শোনে, সেগুলো কিছু দিন যাওয়ার পরেই একঘেয়ে হয়ে যায়, ফলে এগুলো টিকে থাকে না। কিন্তু আগেকার দিনের গানগুলোর কথা ভেবে দেখেন, সেই গানগুলো এখনও সবার মনে জায়গা করে আছে।”

বর্তমানে জীবিকার উপায় হিসেবে দোকানে বিজ্ঞাপন, নির্বাচনী প্রচারণার জন্য ভয়েস রেকর্ডিং, ভিডিও থেকে ভিসিডি, এমপি থ্রি থেকে সিডি, সিডি থেকে ক্যাসেট রেকর্ডিং করা হয় বলে জানান তিনি।

শাহবাগের আজিজ সুপার মার্কেটে এক সময় ছিল অডিও ক্যাসেটের দোকানগুলোর একচ্ছত্র রাজত্ব। এখন দোকানগুলোর জায়গা দখল করেছে পোশাকের দোকান ও বুটিক শপ। আগে অডিও ক্যাসেটের ব্যবসা করতেন এমন অনেক ব্যবসায়ীও সেখানেই জীবিকার তাগিদে শুরু করেছেন পোশাকের ব্যবসা।

তবে মার্কেটের নিচতলায় এখনও তাদের পুরনো ক্যাসেটের দোকানটিকে ধরে রেখেছেন শামীমা জেসমিন। দোকানের নাম সুরের মেলা। প্রায় ২৪ বছর আগে তার বড় ভাই রিয়াজ মাহমুদ খালেক গানের প্রতি প্রবল অনুরাগ থেকে শুরু করেছিলেন ক্যাসেট ব্যবসা। ভাইয়ের মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার জন্যই  দোকানটি আগের মতোই রেখেছেন শামীমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাই ছাত্রজীবনে পরিবারের সবার সাথে অনেকটা যুদ্ধ করেই এই দোকানটি শুরু করেছিল। ৪০ বছরের পুরনো ক্যাসেটও এখানে আছে, যেগুলো ভাইয়া শুনত, গানের সাথে থাকার ইচ্ছা ছিল তার। খুব অল্প বয়সেই ক্যান্সারে মারা গিয়েছিল। তাই তার মৃত্যুর পর আমরাও এ দোকানটিকে এখনও আগের মতো রেখেছি। আর এটা আমাদের নিজেদের দোকান, বিধায় ভাড়াও দিতে হয় না।”

পাশেই তার একটি বুটিক শপ রয়েছে বলে জানান শামীমা।

তিনি বলেন, “আমি এখনও দোকানে বিভিন্ন শিল্পীর গান ছেড়ে রাখি। আমি চাই মানুষ আসা-যাওয়ার পথে এখনও যেন এখানে গান শুনতে পায়। আগে একটা সময়ে এই দোকানে বিভিন্ন গুণী শিল্পীরা আসতেন, বিকেলে আড্ডা হত, গান হত। এখন আর কেউ আসেন না, ক্যাসেটের দোকানে কোনো বিক্রি নেই তাই।

“আগে দোকানে ক্যাসেট আর সিডির জন্য লাইন ধরে থাকত শ্রোতারা, সেখানে এখন সারা দিনে একটা কিংবা দুইটা সিডি বিক্রি হয়, অনেক সময় তাও হয় না।”

শামীমা জেসমিন বলেন, “এখন অরিজিনাল সিডি বের করার মতো একটা কোম্পানিও বাংলাদেশে অবশিষ্ট নেই। এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না সেটাও স্পষ্ট না। প্রযোজনা সংস্থাগুলো সিডি বের করা বন্ধ করে দিয়েছে অনেক আগে থেকেই। যারা টিকে আছে তারাও ডিজিটাল মাধ্যমের দিকেই চলে গেছে।”

১৯৮৬ সাল থেকে রেকর্ডিং, অডিও ক্যাসেট এবং তার পরে সিডির ব্যবসায় আছেন এলিফ্যান্ট রোডের সুরবীণা দোকানের মালিক মো. উজ্জ্বল। এখন ক্যাসেট বিক্রি বা রেকর্ডিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে ওঠায় তার পুরনো ক্যাসেটের দোকানের একটা অংশেই তিনি ইলেকট্রনিক সরঞ্জাম, কম্পিউটার মেরামত এবং পুরনো কম্পিউটার বেচাকেনার কাজ করছেন। এখনও দোকানে সাজিয়ে রেখেছেন পুরনো দিনের রেকর্ডিং থেকে শুরু করে প্রায় ১০ হাজার অডিও ক্যাসেট ও সিডি।

উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রযুক্তি সহজ হয়ে যাওয়ায় এবং নগরের মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় কেউ আর গান শোনার জন্য শ্রম ও সময় অপচয় করে না। এ প্রজন্ম তো আরও করবে না। তরুণ বয়সী ক্রেতা এই দোকানে এসে গানের ক্যাসেট খুঁজবে না, এটাই স্বাভাবিক।”

তবে যুগের সাথে তাল মিলিয়ে গানের প্রতি ভালোবাসা সবার মধ্যেই আছে বলে মনে করেন তিনি।

উজ্জ্ল বলেন, “গানের প্রতি ভালোবাসা আসলে কোনো সময়েই কারও কমবে না। গান এমন একটা শিল্প মাধ্যম, যার আবেদন কখনও শেষ হয়ে যায় না। তবে বর্তমান প্রজন্মের গান আর আগেকার দিনের গানের মধ্যে বিস্তর ফারাক। এখনকার গান শুনে আগেকার দিনের মানুষের মন ভরবে না। গানের কথা, গায়কীতেও অনেক তফাত। চাইলেই সবাই অনলাইনে গান রেকর্ড করে শিল্পী বনে যায়, ফলে গানের সাথে আত্মার যে গভীর সম্পর্ক সেটা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হয়।”

সুরবীণা দোকানে গান শোনার মাধ্যম ও সরঞ্জামগুলোর সংগ্রহ চোখে পড়ার মতো। দোকানটিতে এখনও বিভিন্ন সময়ে প্রচলিত গান শোনার যন্ত্র, কলের গানের রেকর্ড, টার্নটেবল রেকর্ড, স্পুলসহ রয়েছে বিখ্যাত সব সঙ্গীতশিল্পীদের হাজার হাজার গানের সংগ্রহ।

“আমার দোকানে সেই ১৯০১ সালের রেকর্ডিং থেকে শুরু করে এখন পর্যন্ত সব গানের সংগ্রহ আছে। ক্রেতা যে নেই তাও না, যারা এখান থেকে ক্যাসেট কেনেন তারা বেশিরভাগই আগের দিনের গানপ্রেমী মানুষ। তারা গানের লিস্ট দিয়ে যান, সেগুলোকে ক্যাসেটে রেকর্ড করে দেই, তারা এখনও এখানে আড্ডা দেন নিয়মিত।”